স্ট্যানফোর্ড-কার্নেগী মেলনকে পেছনে ফেলে বিশ্বে অষ্টম

রোবোসাব ২০২৬-এ ইতিহাস গড়লো ব্র্যাকইউ ডুবুরি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বৈশ্বিক রোবোটিকস প্রতিযোগিতা ‘রোবোসাব ২০২৬’–এ বিশ্বমঞ্চে অষ্টম স্থান অর্জন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অটোনমাস আন্ডারওয়াটার রোবোটিকস দল ‘ব্র্যাকইউ ডুবুরি’।

রোবোসাব ২০২৬-এ ইতিহাস গড়লো ব্র্যাকইউ ডুবুরি
৩০ জুলাই, ২০২৬ ০০:০০  

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা ‘রোবোসাব ২০২৬’–এ বিশ্বমঞ্চে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অটোনমাস আন্ডারওয়াটার রোবোটিকস দল ‘ব্র্যাকইউ ডুবুরি’। ক্যালিফোর্নিয়ার আর্ভিনের উলেট অ্যাকুয়াটিকস সেন্টারে অনুষ্ঠিত মূল পর্বে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ৫৮টি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে অষ্টম স্থান ছিনিয়ে নিয়েছে দলটি।

প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া তিনটি দলের মধ্যে ব্র্যাকইউ ডুবুরি সর্বোচ্চ স্থান অর্জন করেছে। এ অর্জনের পথে তারা পেছনে ফেলে দিয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কার্নেগী মেলন ইউনিভার্সিটি এবং ডিউক ইউনিভার্সিটির মতো বিশ্বখ্যাত সব শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষ দলগুলোকে।

বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ডুবোযান বা অটোনমাস আন্ডারওয়াটার ভেহিকল (এইউভি) প্রস্তুতকারী দল হিসেবে ব্র্যাকইউ ডুবুরি এবার মাঠে নামায় ‘ডুবুরি ৪.৫’ নামের মূল ডুবোযান এবং ‘ডুবোমিনি ২.০’ নামের একটি সহযোগী রোবট। মূল প্রতিযোগিতায় সার্বিক অষ্টম স্থান অর্জনের পাশাপাশি দলগত অন্যান্য ক্যাটাগরিতেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে তারা—টেকনিক্যাল প্রেজেন্টেশনে ষষ্ঠ, টেকনিক্যাল ডিজাইন রিপোর্টে ১১তম এবং টিম ভিডিও বিভাগে ১২তম স্থান লাভ করে দলটি।

ভিসা জটিলতা, যান্ত্রিক যন্ত্রাংশ নষ্ট হওয়া কিংবা ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে সদস্যদের আকস্মিক অসুস্থতার মতো নানা প্রতিকূলতার কথা স্মরণ করে দলের মুখপাত্র তাহিরাহ জান্নাত মীম বলেন, “প্রতিটি ধাপে একের পর এক নানা বাধার মুখোমুখি হয়েও আমরা পিছু হটিনি। তরুণদের একনিষ্ঠ পরিশ্রম আর উদ্ভাবনী শক্তিই আমাদের বিশ্বমঞ্চের সেরা ১০-এ নিয়ে এসেছে।”

এই সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ স্পন্সর ও পৃষ্ঠপোষক হিসেবে পাশে ছিল আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অনার (HONOR)। অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “তরুণ উদ্ভাবকদের বড় স্বপ্ন দেখতে এবং প্রযুক্তির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করতে উৎসাহিত করে এমন উদ্যোগের পাশে থাকতে পেরে অনার গর্বিত। ব্র্যাকইউ ডুবুরিকে সহযোগিতা করা আমাদের সেই সামাজিক অঙ্গীকারেরই অংশ, যার মাধ্যমে আমরা নতুন প্রজন্মের প্রকৌশলীদের দক্ষতা বিকাশ ও দেশের প্রযুক্তিগত উন্নয়নে সরাসরি অবদান রাখতে চাই।”

সংশ্লিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে ব্র্যাকইউ ডুবুরির অভূতপূর্ব সাফল্য প্রমাণ করে যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিকস, এমবেডেড সিস্টেম এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের মতো জটিল ফ্রন্টিয়ার প্রযুক্তিতে বাংলাদেশের তরুণদের মেধা ও বিশ্বমানের কাজের সক্ষমতা রয়েছে।
//ডিবিটেক/বিআরএফ/এনএএম//