• পাবিপ্রবিতে দোয়া মাহফিল ঘিরে ইনকিলাব মঞ্চ ও প্রশাসনের মধ্যে মতবিরোধ
  • বাইরের অতিথির অংশগ্রহণ নিয়ে প্রশাসনের আপত্তি
  • লিখিত অনুমতি না দেওয়ার অভিযোগ সংগঠনের 

পাবিপ্রবিতে দোয়া মাহফিল ঘিরে বিতর্ক, ইনকিলাব মঞ্চের অভিযোগ অস্বীকার প্রশাসনের

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিলকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বাইরের অতিথির অংশগ্রহণ নিয়ে উভয় পক্ষ ভিন্ন দাবি করেছে।

পাবিপ্রবিতে দোয়া মাহফিল ঘিরে বিতর্ক, ইনকিলাব মঞ্চের অভিযোগ অস্বীকার প্রশাসনের
২৯ জুলাই, ২০২৬ ২২:৩২  

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শহিদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজনকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। সংগঠনটির অভিযোগ, তাদের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, দোয়া মাহফিল আয়োজনের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না; আপত্তি ছিল কেবল পূর্বানুমতি ছাড়া বাইরের অতিথির অংশগ্রহণ নিয়ে।

২৯ জুলাই, বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইনকিলাব মঞ্চের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে মৌখিকভাবে কর্মসূচির অনুমতি দিলেও সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ক্যাম্পাসে প্রবেশ করবেন না—এ শর্ত আরোপ করা হয়। পরে নির্ধারিত সময় ও স্থান অনুযায়ী লিখিত অনুমতিপত্র নিতে গেলে সেটি আর দেওয়া হয়নি বলে অভিযোগ করে সংগঠনটি।

সংগঠনের ফেসবুক পোস্টে দাবি করা হয়, যেকোনো পরিস্থিতিতে কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং সেখানে আব্দুল্লাহ আল জাবের উপস্থিত থাকবেন।

ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মজনু আলম বলেন, প্রশাসন শুরু থেকেই জানত যে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কর্মসূচিতে অংশ নেবেন এবং সে অনুযায়ী লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছিল। তবে পরে প্রশাসন লিখিত অনুমতি দেয়নি বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান অভিযোগ নাকচ করে বলেন, জুলাইয়ের শহিদ ও আহত শিক্ষার্থীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের কোনো আপত্তি ছিল না। তবে কর্মসূচিতে বাইরের অতিথিকে আমন্ত্রণ বা অংশগ্রহণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমতি নেওয়া হয়নি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বাইরের অতিথির অংশগ্রহণ নিশ্চিত করার আগে প্রশাসনের অনুমোদন প্রয়োজন। সেই প্রক্রিয়া অনুসরণ না করায় আপত্তি জানানো হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে কর্মসূচি আয়োজন এবং বাইরের অতিথির অংশগ্রহণ নিয়ে উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে।
//ডিবিটেক/এনএন/এসএমই//