শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ যাচাই ও সরাসরি তথ্য পেতে কওমি বোর্ডের উদ্যোগ
অপপ্রচার রোধে কওমি মাদরাসা বোর্ডের পর্যবেক্ষণ সেল ও হটলাইন চালু
- কওমি মাদরাসা নিয়ে শারীরিক ও যৌন নির্যাতনের 'একমুখী অপপ্রচারে' গভীর উদ্বেগ
- অভিযোগ যাচাই, তথ্য সংগ্রহ ও তদারকিতে গঠিত হলো ‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেল’
- যেকোনো অভিযোগ ও তথ্য গ্রহণে সরাসরি ‘হটলাইন’ চালুর সিদ্ধান্ত আল-হাইআতুল উলয়ার
দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি কওমি মাদরাসা-সংশ্লিষ্ট কিছু শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ‘একমুখী প্রচারণা’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি উত্থাপিত অভিযোগের সঠিক যাচাই, দ্রুত তথ্য সংগ্রহ এবং দেশের মাদরাসাগুলোতে সার্বিক তদারকি জোরদারের জন্য প্রাতিষ্ঠানিকভাবে ‘হটলাইন’ ও পর্যবেক্ষণ সেল চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আল-হাইআতুল উলয়ার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘কওমি মাদরাসাবিরোধী অপপ্রচাররোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আল-হাইআতুল উলয়ার করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, যেকোনো শারীরিক কিংবা যৌন নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ পেতে এবং বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে কওমি শিক্ষা বোর্ড একটি বিশেষ ‘হটলাইন’ সেবা চালু করবে। সাধারণ মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীরা সরাসরি এই হটলাইনের মাধ্যমে কর্তৃপক্ষকে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অভিযোগ অবহিত করার সুযোগ পাবেন।
একই সঙ্গে হটলাইনের মাধ্যমে আসা তথ্য যাচাই-বাছাই ও মাঠপর্যায়ে তদারকি নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে একটি ‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেল’ গঠন করা হয়েছে। আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মাওলানা মু. অছিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ হটলাইন ও মনিটরিং সেলের সাহায্যে প্রকৃত অপরাধ শনাক্ত ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখা সম্ভব হবে।
//ডিবিটেক/ এসআই/ এনএমএ//





