ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত সভায় পরীক্ষাভিত্তিক ব্যবস্থার বদলে দক্ষতাভিত্তিক মূল্যায়নের তাগিদ

কারিগরি শিক্ষার মানোন্নয়নে বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার মানোন্নয়ন ও কারিগরি খাতের সংকট মোকাবিলায় দেশের বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা পরীক্ষাকেন্দ্রিক ব্যবস্থার পরিবর্তে শিল্প-সমন্বিত ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর জোর দাবি জানান।

কারিগরি শিক্ষার মানোন্নয়নে বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
৬ জুলাই, ২০২৬ ১৫:১০  

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কারিগরি শিক্ষা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। "ঐক্যবদ্ধ উদ্যোক্তা, মানসম্মত কারিগরি শিক্ষা ও দক্ষ বাংলাদেশ" প্রতিপাদ্যে রাজধানীর ধানমন্ডিস্থ ড্যাফোডিল প্লাজায় রবিবার (৫ জুলাই)  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, ভর্তি সংকট, মূল্যায়ন পদ্ধতির সংস্কার এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সিসিএন ফ্যামিলি ও সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান।

আলোচনায় বক্তারা বলেন, দেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দক্ষ জনশক্তি গড়ে তুলতে বেসরকারি পলিটেকনিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে। তাই কারিগরি শিক্ষাকে আরও যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

সভায় বক্তারা বর্তমান পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতাভিত্তিক, ফলাফলভিত্তিক এবং শিল্প-সংযুক্ত শিক্ষা ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জন, ল্যাবভিত্তিক শিক্ষা, প্রকল্পভিত্তিক কার্যক্রম, শিল্পকারখানায় প্রশিক্ষণ এবং ব্যবহারিক সক্ষমতা বৃদ্ধিকে অধিক গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন পদ্ধতিতে প্রয়োজনীয় সংস্কার এনে দক্ষতাভিত্তিক মূল্যায়ন চালু করা গেলে দেশের ডিপ্লোমা গ্রাজুয়েটরা আন্তর্জাতিক শ্রমবাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

মতবিনিময় সভায় আরও উল্লেখ করা হয়, কারিগরি শিক্ষা খাতের বর্তমান সংকট কোনো একক প্রতিষ্ঠানের নয়; এটি জাতীয় পর্যায়ের কারিগরি শিক্ষা সংস্কারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য সরকারি ও বেসরকারি বিভাজনের ঊর্ধ্বে উঠে সকল অংশীজনকে সম্পৃক্ত করে গবেষণানির্ভর নীতিমালা প্রণয়ন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে বাস্তবসম্মত সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় অংশ নেওয়া উদ্যোক্তারা দেশের কারিগরি শিক্ষা খাতের বৃহত্তর স্বার্থে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার বিষয়ে একমত পোষণ করেন।

সভা শেষে দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন, শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রাপ্ত মতামতসমূহ সমন্বিত করে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করতে ধারাবাহিক মতবিনিময় সভা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

//ডিবিটেক/এএইচকে/এমআই//