২৬৮ যাত্রী নিয়ে সিলেটে অবতরণ করল বিমানের প্রথম ফ্লাইট, কক্সবাজার রুটেরও পরিকল্পনা
চার মাস পর চালু হলো ঢাকা-সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
চার মাস বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইট সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মন্ত্রীবর্গ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের স্বাগত জানান।
চার মাস বন্ধ থাকার পর ফের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ রবিবার (৫ জুলাই) বেলা ১২টা ৪ মিনিটে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৮ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণ করা যাত্রীদের মধ্যে ২২৭ জন সিলেটে নামেন এবং বাকি ৪১ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
ফ্লাইটটি অবতরণের পর রানওয়েতে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় অন্যন্যদের মধ্যে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবার চালু করা। যাত্রীসেবার মান বজায় রেখে এ রুটের ফ্লাইট নিয়মিত পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই রুটের ফ্লাইট আবার চালু করা সম্ভব হয়েছে।
ফ্লাইট অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কার্যকর বিমানবন্দর হিসেবে গড়ে তোলা ও আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি একই সাথে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখারও আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নির্বাচনের আগে প্রবাসীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট আবার চালু করা হয়েছে।
এর আগে গতকাল ৪ জুলাই, শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৭ ফ্লাইটটি ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশে ঢাকা ও সিলেট ছেড়ে যায়। ওই ফ্লাইটে সিলেটের ১৭১ জন এবং ঢাকার ২১ জন যাত্রী ছিলেন। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই আকাশপথের যোগাযোগ আবার চালু হলো।
সংশ্লিষ্ট সূত্রমতে, ফ্লাইট পুনরায় চালু হওয়া উপলক্ষে গতকাল ম্যানচেস্টার বিমানবন্দরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার, বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক, এয়ারলাইন্সের কর্মকর্তা, ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রু এবং ম্যানচেস্টার বিমানবন্দরের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশের পরিচালক ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। বৈঠকে ফ্লাইটটি পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পরে গত ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু করা হবে। নতুন সরকার গঠনের চার মাসের মাথায় সেই রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।
//ডিবিটেক/ইটিএন/ইকে//





