জাইকার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঘোষণা
প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ
বিজ্ঞান ল্যাবের মতো গণিত শিক্ষাকে আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর করতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিজ্ঞান ল্যাবের মতো গণিত শিক্ষাকে আরও আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর করতে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে সরকার।
২৪ জুন, বুধবার সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই পরিকল্পনার কথা জানান।
তিনি উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষায় এই প্রযুক্তিগত রূপান্তরের জন্য জাইকার কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম প্রণয়নের কাজ চলছে, যেখানে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে সিভিক এডুকেশন, ক্রীড়া, সংস্কৃতি, গণিত ও বিজ্ঞানের মানোন্নয়ন এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে জাপানের নাগরিক শিক্ষার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।
এছাড়া মাঠপর্যায়ের শিক্ষা প্রশাসনের দক্ষতা ও মনিটরিং ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করতে থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষা প্রশাসন ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। বৈঠকে জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে চলমান সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এবং জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ মনিকাওয়াকা ইয়াকুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ডিএম/ডিএইচই//





