ফেসবুকের ‘অন্যায্য’ আচরণের বিরুদ্ধে জিডি করলেন মামুনুল হক
ফেসবুক কর্তৃপক্ষের একপাক্ষিক, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ২৫ আগস্ট, সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানায় এই জিডি দায়ের করেন তিনি।
তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে ফেসবুকে আমার নাম, বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে। ফলে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি facebook.com/mawlanamamunulhaqueofficial
এবং অফিসিয়াল পেজ facebook.com/MaulanaMamunulHaque একাধিকবার বন্ধ হয়ে গেছে। এতে আমি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি। ’
তিনি আরও বলেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হয়েও পরিকল্পিতভাবে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবরুদ্ধ করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার স্পষ্ট অপচেষ্টা।
‘আমি আইন মেনে ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে থানায় জিডি করেছি। আশা করি, মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারপূর্ণ সিদ্ধান্ত নেবে,’-যোগ করেন মামুনুল।
বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কোনো রাজনৈতিক নেতাকে টার্গেট করে বাধাগ্রস্ত করা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর ভয়ংকর আঘাত।







