শ্রমবাজার, বিনিয়োগ ও ডিজিটাল অর্থনীতি এগিয়ে নিতে কুয়ালালামপুরে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরে সঙ্গী তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফের

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন তারেক রহমান। প্রযুক্তি ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে এ সফরে তার সঙ্গে রয়েছেন তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরে সঙ্গী তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফের
২১ জুন, ২০২৬ ১৫:৫৩  

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে দুই দিনের জন্য মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রবিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের গঠন থেকে স্পষ্ট যে, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক অংশীদারত্ব ও ডিজিটাল অর্থনীতি প্রসারের বিষয়গুলো এ সফরে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদের উপস্থিতি দুই দেশের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময় ও আইটি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​উচ্চপর্যায়ের এ প্রতিনিধিদলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ বেশ কয়েকজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী। ইতোমধ্যে কুয়ালালামপুরের বিভিন্ন সড়কে দুই দেশের জাতীয় পতাকা শোভা পাচ্ছে। 

মালয়েশিয়া সফর শেষে সোমবার কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক এবং চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
​//ডিবিটেক/আইএইচ/এসআই//