চলতি বছরে নতুন ফোন আনছে না নাথিংয়ের বাজেট ব্র্যান্ড ‘সিএমএফ’

চলতি বছরে নতুন ফোন আনছে না নাথিংয়ের বাজেট ব্র্যান্ড ‘সিএমএফ’
২১ জুন, ২০২৬ ১৯:৫৫  
২১ জুন, ২০২৬ ১২:৩৫  

সাশ্রয়ী মূল্যে চমৎকার ডিজাইনের স্মার্টফোন বাজারে এনে দ্রুত জনপ্রিয়তা পাওয়া ‘নাথিং’-এর বাজেট ফ্রেন্ডলি সাব-ব্র্যান্ড ‘সিএমএফ’ চলতি বছর নতুন কোনো ফোন বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববাজারে মেমোরি চিপ বা র‍্যামের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণেই এই আকস্মিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাথিংয়ের সহ-প্রতিষ্ঠাতা আকিস ইভানজেলিডিস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইভানজেলিডিস গ্রাহকদের উদ্দেশে স্বচ্ছতা বজায় রেখে বলেন, “অনেকেই জানতে চেয়েছেন সিএমএফ-এর পরবর্তী ফোন কবে আসছে। আমরা মূলত ‘ফোন প্রো ২’-এর পরবর্তী সংস্করণ নিয়ে কাজ করছিলাম। কিন্তু বর্তমান বাজারে মেমোরি চিপের যে চড়া দাম, তাতে সিএমএফ-এর চেনা সাশ্রয়ী বাজেটের মধ্যে একটি সত্যিকারের উন্নত প্রযুক্তির ফোন তৈরি করা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব নয়। আর সে কারণেই আমরা চলতি বছর নতুন কোনো ফোন বাজারে না আনার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সিংহভাগ উৎপাদন ক্ষমতা এআই ডেটা সেন্টারের চিপ তৈরিতে নিয়োজিত করেছে। এর ফলে সাধারণ স্মার্টফোন ও কম্পিউটারের মেমোরি চিপের তীব্র সংকট দেখা দিয়েছে, যা বাজারে ‘র‌্যামাগেডন’ নামে পরিচিতি পেয়েছে। এই সংকটের কারণে ইতিমধ্যেই অ্যাপল ও স্যামসাংয়ের মতো শীর্ষ সারির কোম্পানিগুলো তাদের আগামী ডিভাইসগুলোর দাম বাড়ার পূর্বাভাস দিয়েছে। এমনকি বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘আইডিসি’র মতে, চিপের মূল্যবৃদ্ধির কারণে চলতি বছর বিশ্বব্যাপী কম্পিউটার বা পিসি সরবরাহ প্রায় ১০ শতাংশ কমে যেতে পারে।

সিএমএফ গত বছরের এপ্রিল মাসে তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস ‘ফোন প্রো ২’ বাজারে ছেড়েছিল, যা ছিল তাদের তৈরি এ যাবৎকালের সবচেয়ে পাতলা ও হালকা স্মার্টফোন। এর কয়েক মাস পরেই নাথিং তাদের এই বাজেট ব্র্যান্ডটিকে একটি স্বাধীন অনুষঙ্গ বা সাবসিডিয়ারি হিসেবে ঘোষণা করে এবং এর প্রধান সদর দফতর ভারতে স্থানান্তর করে, যা বর্তমানে সিএমএফ-এর সবচেয়ে বড় বাজার।

চলতি বছর নতুন কোনো স্মার্টফোন না এলেও সিএমএফপ্রেমীদের জন্য কিছুটা আশার বাণী শুনিয়েছেন ইভানজেলিডিস। তিনি জানিয়েছেন, ফোন না এলেও সিএমএফ এই বছর বেশ কিছু নতুন গ্যাজেট এবং সম্পূর্ণ নতুন ক্যাটাগরির কিছু স্মার্ট প্রোডাক্ট বাজারে উন্মোচন করবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট