বিবিএসকে শক্তিশালী করতে টাস্কফোর্সের রিপোর্ট বাস্তবায়ন ও টেকনিক্যাল কমিটির ওপর জোর
জিডিপির সঠিক তথ্যের জন্য পরিসংখ্যান আইন সংশোধনের সুপারিশ বিশেষজ্ঞদের
দেশের জিডিপি সংকলনে ডেটা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে গুণগত মানের পরিসংখ্যান সরবরাহের আইনি বাধ্যবাধকতায় আনতে ‘পরিসংখ্যান আইন, ২০১৩’ সংশোধন ও হালনাগাদ করার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।
জিডিপি সংকলনে ডেটা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে গুণগত মানের পরিসংখ্যান সরবরাহের জন্য আইনি বাধ্যবাধকতায় আনার লক্ষ্যে 'পরিসংখ্যান আইন, ২০১৩' সংশোধন ও হালনাগাদকরণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে শক্তিশালীকরণের জন্য বিশেষজ্ঞ টাস্কফোর্স কমিটি কর্তৃক সুপারিশকৃত রিপোর্ট বাস্তবায়ন, কর্মকর্তাদের পদোন্নতির সোপান যৌক্তিকীকরণ ও ক্যারিয়ার প্রগ্রেশনের ব্যবস্থা গ্রহণ, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টমেন্ট বাড়ানো এবং জরিপসমূহ নিয়মিত করার বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে।
২০ জুন, শনিবার পরিসংখ্যান ভবনের কনফারেন্স রুমে বিবিএস-এর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং কর্তৃক বাস্তবায়নাধীন “ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদ (QGDP) এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদ (DGDP) উন্নয়ন” প্রকল্পের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সুপারিশ করা হয়। সভায় জিডিপি, ভোক্তা মূল্য সূচক (CPI), মূল্যস্ফীতি এবং মজুরি হার সূচক (WRI) প্রণয়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বিআইডিএস এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং বিবিএস-এর মহাপরিচালক (অস্থায়ী দায়িত্ব) মোহাম্মদ ওবায়দুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ মো. আব্দুর রহিম সাকি বলেন, অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরা সরকারের গণতান্ত্রিক ও মানবিক দায়িত্ব। তাই মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং ভোক্তা মূল্য সূচক (সিপিআই) গণনায় ব্যবহৃত পদ্ধতিগুলো পর্যালোচনা ও আধুনিকীকরণের জন্য দুটি বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করবে সরকার। প্রস্তাবিত কমিটিগুলো আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক পদ্ধতির সুপারিশ করবে। যা নীতি নির্ধারণ এবং উন্নয়ন পরিকল্পনায় ব্যবহৃত প্রধান অর্থনৈতিক সূচকগুলোর নির্ভরযোগ্যতা বাড়াতে সাহায্য করবে। একটি কমিটি মূল্যস্ফীতির প্রধান পরিমাপক সিপিআই গণনার পদ্ধতি পর্যালোচনা করবে। অন্য কমিটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত গৌণ তথ্যের মান ও নির্ভরযোগ্যতাসহ জিডিপি নিরূপণ পদ্ধতি পরীক্ষা করবে।
মতবিনিময় সভায় ভোক্তা মূল্য সূচক, মূল্যস্ফীতি ও মজুরি হার সূচক প্রণয়ন বিষয়ে ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং-এর উপপরিচালক স্বজন হায়দার এবং জিডিপি প্রণয়ন পদ্ধতি ও ত্রৈমাসিক জিডিপি বিষয়ে উপপরিচালক তোফায়েল আহমদ উপস্থাপনা প্রদান করেন। সভাটি সঞ্চালনা করেন ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং-এর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহাবুদ্দীন সরকার।
অর্থনীতিবিদ ও গবেষকরা বিবিএস-এর এই কার্যক্রমকে আরও নির্ভরযোগ্য (Authentic) করার জন্য টেকনিক্যাল কমিটি গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন, যা দেশের পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে।
//ডিবিটেক/জেডইউ/ইকে//





