২৫ জুন থেকে শুরু হচ্ছে ‘জিটিএ ৬’-এর প্রি-বুকিং

২৫ জুন থেকে শুরু হচ্ছে ‘জিটিএ ৬’-এর প্রি-বুকিং
২০ জুন, ২০২৬ ১৪:৫৭  

বিশ্ব গেমপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’ গেমটির অগ্রিম বুকিং বা প্রি-অর্ডার শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের মূল সংস্থা ‘টেক-টু’ নিশ্চিত করেছে যে আগামী ২৫ জুন থেকে বিশ্বব্যাপী গেমটির অগ্রিম বুকিং শুরু হবে।

এই ঘোষণার মাধ্যমে গেমটির মুক্তির তারিখ নিয়ে তৈরি হওয়া সব ধরনের অনিশ্চয়তা দূর হলো। এর আগে বিভিন্ন সময়ে গেমটির মুক্তি পিছিয়ে গেলেও, এবার রকস্টার গেমস আগামী ১৯ নভেম্বরের পূর্বনির্ধারিত মুক্তির তারিখেই অনড় থাকছে। সবকিছু ঠিক থাকলে আগামী পাঁচ মাসের মধ্যে অর্থাৎ ১৯ নভেম্বর প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স/এস কনসোলে গেমটি মুক্তি পাবে।

অগ্রিম বুকিংয়ের তারিখ ঘোষণার পাশাপাশি রকস্টার গেমস এই গেমের অফিশিয়াল ‘কভার আর্ট’ বা প্রচ্ছদ উন্মোচন করেছে। প্রচ্ছদটি জিটিএ সিরিজের চিরাচরিত ঐতিহ্যবাহী শৈলীতেই সাজানো হয়েছে, যেখানে গেমের মূল চরিত্র, বিভিন্ন ধরনের অস্ত্র, আধুনিক যানবাহন এবং কাল্পনিক ‘ভাইস সিটি’র আবহ ফুটিয়ে তোলা হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, ২৫ জুন অগ্রিম বুকিং শুরু হওয়ার দিনই রকস্টার গেমস এই গেমের একটি নতুন ট্রেইলার বা ভিডিও ঝলক প্রকাশ করতে পারে। গ্রীষ্মকালীন প্রচারণার অংশ হিসেবে গেমটিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পিসি বা কম্পিউটারের জন্য গেমটি কবে নাগাদ আসবে সে বিষয়ে এখনো কিছু জানানো না হলেও, কনসোল গেমারদের জন্য এই খবর অত্যন্ত আনন্দের।

ডিবিটেক/বিএমটি   |   সূত্র : এনগ্যাজেট