যুক্তরাষ্ট্রে ওয়ালটনের মাদারবোর্ড রপ্তানি শুরু

বাংলাদেশে উৎপাদিত বিশ্বমানের পিসিবিএ বা মাদারবোর্ড প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করেছে ওয়ালটন। গাজীপুরে আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন।

যুক্তরাষ্ট্রে ওয়ালটনের মাদারবোর্ড রপ্তানি শুরু
১৮ জুন, ২০২৬ ১৭:৩৮  

বাংলাদেশে উৎপাদিত উচ্চপ্রযুক্তির বিশ্বমানের পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) বা মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। দেশের প্রযুক্তি খাতের জন্য এটিকে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

১৮ জুন, বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ফিতা কেটে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ওয়ালটন দেশের শিল্প ও প্রযুক্তি সক্ষমতার এক অনন্য উদাহরণ। বাংলাদেশ যে বিশ্বমানের উন্নত প্রযুক্তিপণ্য উৎপাদন করতে পারে, ওয়ালটন তা প্রমাণ করেছে।

তিনি বলেন, “ওয়ালটন সত্যিই এক বিস্ময়। প্রতিষ্ঠানটি যে আধুনিক ও সুবিশাল দেশীয় শিল্পভিত্তি গড়ে তুলেছে, তা দেখে আমরা অভিভূত। একজন বাংলাদেশি হিসেবে ওয়ালটনের এই অর্জনে আমি গর্বিত।”

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের বিকাশে বিভিন্ন সহায়তামূলক পদক্ষেপ নিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও দেশীয় শিল্প ও প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন কর ও শুল্ক সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ওয়ালটনের বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বৈশ্বিক বাজারে পণ্য বিপণন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

ওয়ালটন সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পিসিবিএ বা মাদারবোর্ড অত্যাধুনিক গানশট শনাক্তকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা-সংশ্লিষ্ট নিরাপত্তা ডিভাইসে ব্যবহৃত হবে।

যুক্তরাষ্ট্রের উইসকনসিনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকর্পোরেশন ওয়ালটনের তৈরি এসব মাদারবোর্ড আমদানি করছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যবহৃত প্রযুক্তি সমাধান উন্নয়নের জন্য পরিচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী, এস এম মঞ্জুরুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/জেডআই/ইকে//