ভিওন-জিএসএমএ তহবিল থেকে বাংলাদেশ-পাকিস্তানে ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন

ভিওন-জিএসএমএ তহবিল থেকে বাংলাদেশ-পাকিস্তানে ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন
৪ মার্চ, ২০২৬ ১৬:৫৮  

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন দেবে জিএসএমএ (GSMA) এর ইনোভেশন ফান্ড এবং বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন। এ লক্ষ্যে জিএসএমএ’র মোবাইল ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্ব করেছে ভিওন।

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএসএমএ’র চিফ রেগুলেটরি অফিসার জন জিউস্তি, জ্যাজ (Jazz)এর সিইও আমির ইব্রাহিম এবং বাংলালিংক–এর সিইও ইয়োহান বুসে।

চুক্তি অনুযায়ী, জ্যাজ ও বাংলালিংক ২০২৬ সালের অর্থায়ন পর্বে নির্বাচিত পাকিস্তানি ও বাংলাদেশি স্টার্টআপকে যৌথভাবে অর্থায়ন করবে। আর্থিক সহায়তার পাশাপাশি ইকোসিস্টেম উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা দেওয়া হবে, যাতে উদ্যোগগুলো দ্রুত সম্প্রসারণ করতে পারে।

জিএসএমএ ইনোভেশন ফান্ড উন্নয়নশীল দেশের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করা স্টার্টআপগুলোকে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নির্বাচন করে সহায়তা দিয়ে থাকে।

এ প্রসঙ্গে জন জিউস্তি বলেন, “ভিওন গ্রুপের আওতাধীন জ্যাজ ও বাংলালিংক—দুটি প্রতিষ্ঠানই পাকিস্তান ও বাংলাদেশের ডিজিটাল খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিকভাবে প্রভাব রাখতে সক্ষম এমন উদ্যোগগুলোকে সহায়তার ক্ষেত্রে জিএসএমএ ইনোভেশন ফান্ডের কার্যক্রম এ অংশীদারিত্বের মাধ্যমে আরও গতি পাবে।”

বাংলালিংকের সিইও ইয়োহান বুসে বলেন, “সবার জন্য ডিজিটাল সেবা আরও সহজলভ্য করা এবং আমাদের গ্রাহক, অংশীদার ও পুরো ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত সবার সমৃদ্ধ জীবন গড়তে সহায়তা করাই বাংলালিংকের লক্ষ্য। জিএসএমএ ইনোভেশন ফান্ডের সঙ্গে এই অংশীদারিত্ব সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সহায়তা করবে। বিশেষ করে এমন সময়ে, যখন বাংলাদেশ নতুন করে প্রবৃদ্ধির ভিত গড়ে তুলছে। আগামী দিনেও আমরা আমাদের ভূমিকার মাধ্যমে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখতে চাই।”

ডিবিটেক/সিএ/ইকে