কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

কৃষিখাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
১৪ মে, ২০২৬ ১৮:২০  

কৃষিখাতের সম্পদের অপচয় রোধ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

১৪ মে, বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সেমিনার হলে আয়োজিত “Agricultural Mechanization & Irrigation in Bangladesh: Opportunities & Constraints” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কৃষি প্রকৌশল বিভাগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এ সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবনমান উন্নয়নে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিখাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাগুলো সঠিকভাবে চিহ্নিত করে পরিকল্পিতভাবে এগোতে হবে। তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং কৃষিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিতে এ বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি কৃষিখাতে পৃথক কৃষি প্রকৌশল অধিদপ্তর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। মীর শাহে আলম বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকার খাতে পৃথক প্রকৌশল অধিদপ্তর সফলভাবে কাজ করছে। একইভাবে কৃষিখাতেও বিশেষায়িত কৃষি প্রকৌশল অধিদপ্তর গঠন করা হলে কৃষি অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ের সেবার মান আরও বাড়বে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ, আইইবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইঞ্জি. মো. সাব্বির মোস্তফা খান, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট খান মঞ্জুর মোর্শেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইঞ্জি. মোহাম্মদ আশিক-ই-রব্বানী।

আইইবি’র কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষক, গবেষক ও নীতিনির্ধারকরা অংশ নেন। বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, টেকসই পানি ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার প্রসারে সমন্বিত উদ্যোগ জরুরি।

সেমিনারে উত্থাপিত সুপারিশ বাস্তবায়িত হলে দেশের কৃষিখাত আরও আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।

ডিবিটেক/এআইএফ/ইকে