যবিপ্রবির ফার্মেসি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবির ফার্মেসি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
১১ মে, ২০২৬ ১৬:০২  

বর্ণাঢ্য র‌্যালি, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১১ মে, সোমবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় অনেক বড় পরিসরের জায়গা। এখানে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো বন্ধু নির্বাচন করা। ভালো বন্ধু তোমাদের সফলতার দিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে। আরেকটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। সময়ের কাজ সময়ে করবে। সময়ের সঠিক ব্যবহারের মধ্য দিয়ে নিজেদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। 

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. কিশোর মজুমদার, সার্ভিয়ার বাংলাদেশ অপারেশনের মার্কেটিং ডিরেক্টর মি. মহিউদ্দীন আন্দালিবসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিশারিজ অ্যান্ড ম্যারিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাফিয়া তানজিম আফরিন ও বিউটি রাণী দে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিবিটেক/এমএনএইচ/এমআই