এখন টিভির ৪ সাংবাদিককে ৭২ ঘণ্টার মধ্যে পুনর্বহালের আলটিমেটাম

ঢাকা: বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ‘এখন টিভি’র চার সাংবাদিক মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, বেলায়েত হোসেন ও আজহার লিমনকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বপদে বহাল না করা হলে কার্যালয়ে তালা লাগানোর আলটিমেটাম দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম। সোমবার (১১ মে) দুপুরে এখন টিভি কার্যালয়ের সামনে চার সাংবাদিককে প্রায় তিন মাস ধরে বাধ্যতামূলক ছুটিতে […] The post এখন টিভির ৪ সাংবাদিককে ৭২ ঘণ্টার মধ্যে পুনর্বহালের আলটিমেটাম first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Saraban

এখন টিভির ৪ সাংবাদিককে ৭২ ঘণ্টার মধ্যে পুনর্বহালের আলটিমেটাম
১১ মে, ২০২৬ ১৭:৫০  

ঢাকা: বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ‘এখন টিভি’র চার সাংবাদিক মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, বেলায়েত হোসেন ও আজহার লিমনকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বপদে বহাল না করা হলে কার্যালয়ে তালা লাগানোর আলটিমেটাম দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।

সোমবার (১১ মে) দুপুরে এখন টিভি কার্যালয়ের সামনে চার সাংবাদিককে প্রায় তিন মাস ধরে বাধ্যতামূলক ছুটিতে রাখার প্রতিবাদে সংগঠনটি আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ডিইউজে সভাপতি। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সংবাদকর্মীরা নির্যাতিত সাংবাদিকদের পক্ষে নানা ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন।

অবস্থান কর্মসূচিতে ডিইউজে ছাড়াও বিএফইউজে, ডিআরইউ, জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন অংশ নেয়। ডিইউজে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন নির্যাতনের শিকার চার সাংবাদিকের সহকর্মীসহ মাঠের সংবাদকর্মীরা। এতে একাত্মতা জানিয়ে ডিইউজের এ কর্মসূচিতে হাজির হন মানবাধিকার কর্মী, রাজনীতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাধ‍্যতামূলকভাবে ছুটিতে রাখা চার সাংবাদিককে তাদের স্বপদে পুনর্বহালের আহবান জানান। অন্যথায় আগামী শনিবার সাংবাদিক সমাজ এখন টেলিভিশন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেব বলেও জানান তিনি।

এ সময় ডিইউজের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, “বারবার ‘এখন টেলিভিশন’ কর্তৃপক্ষ ও তাদের মালিক সিটি গ্রুপের সঙ্গে বৈঠক ও স্মারকলিপি দিলেও তারা তাতে কোনো কর্নপাত না করায় এই অবস্থান কর্মসূচি দিতে ডিইউজে বাধ‍্য হয়েছে। দ্রুত সময়ের মধ‍্যে চার সাংবাদিককে কাজে না ফেরালে তারা আরও কঠোর হতে বাধ‍্য হবেন।’

সাংবাদিক নেতা গাজী আনোয়ার ও আবু বকর সিদ্দিক পরিচালনায় প্রায় তিন ঘণ্টাব‍্যাপী অবস্থান কর্মসূচিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘নির্যাতনের শিকার চার সাংবাদিককে এখন টিভি ফিরিয়ে না নিলে লাগাতার কর্মসূচি চলবে।’ এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহর সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে এই সম্পাদক যেভাবে নীতিবহির্ভূত দলীয় ভূমিকা নিয়েছেন, ঠিকই একইভাবে বিএনপির আমলেও সেভাবে তোষামোদি করছেন।’

তিনি আরও বলেন, “গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কিছু ‘পা-চাটা’ ও ‘অশিক্ষিত’ উচ্চপদস্থ কর্মকর্তার কারণে মেধাবী সাংবাদিকরা অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বেকার হচ্ছেন।” তিনি বলেন, ‘সংবাদপত্রের মালিকরা প্রতিষ্ঠানের শত্রু নন, বরং প্রতিষ্ঠানের ভেতরে থাকা কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের চেয়ার রক্ষায় মেধাবীদের ছাঁটাই করছে।’

কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘স্বাধীন সাংবাদিকতার জন্য স্বাধীন প্রেস কাউন্সিল গঠন করার নানা সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও সরকার তা বাস্তবায়ন করেনি। আগের আমলের মতোই ফ্যাসিবাদের ভূত মিডিয়াগুলোর ঘাড়ে চেপে বসছে।’

মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, ‘আজকে মিডিয়া একটা ব্যবসায়ী সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যেখানে আদর্শের বালাই নেই। স্বাধীনভাবে কাজ করার বদলে এসব মিডিয়া দালাল তৈরির কারখানায় রূপ নিয়েছে। যারা মানুষের জন্য সত্যটি বলেন তাদের জন্যই আজ আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। তারা নির্যাতিত হচ্ছেন।’

উল্লেখ্য, বিএনপি সরকার গঠনের দিন গণভোটের পক্ষে ফেইসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে এসব সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং সাত দিন কর্মস্থলে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর ভুক্তভোগী সাংবাদিকরা এসবের ব্যাখ্যা প্রদান করলেও প্রায় তিন মাস ধরে তাদের বাধ্যতামূলক ছুটিতে রাখা হয়েছে।

এর মধ্যে ডিইউজে ডিআরইউসহ বিভিন্ন সংগঠন এখন টিভির মালিক সম্পাদকের সঙ্গে বৈঠক করে বিষয়টি সুরাহা করার অনুরোধ করলেও কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। তথ্যমন্ত্রীকে এসব জানালে তিনি দু’পক্ষের সঙ্গেআলোচনা করছেন এবং সমাধান করবেন বলে জানিয়েছেন।

The post এখন টিভির ৪ সাংবাদিককে ৭২ ঘণ্টার মধ্যে পুনর্বহালের আলটিমেটাম first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.