‘ঋণ নির্ভরতা কমিয়ে কর্মসংস্থানমুখী উন্নয়নে কাজ করছে সরকার’

ঢাকা: মেগা প্রকল্পের নামে অতিরিক্ত ঋণনির্ভরতা থেকে বেরিয়ে এসে সার্বিক ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এখন থেকে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রকল্পের বাস্তব উপযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ […] The post ‘ঋণ নির্ভরতা কমিয়ে কর্মসংস্থানমুখী উন্নয়নে কাজ করছে সরকার’ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংল

‘ঋণ নির্ভরতা কমিয়ে কর্মসংস্থানমুখী উন্নয়নে কাজ করছে সরকার’
১০ মে, ২০২৬ ১৩:০০  

ঢাকা: মেগা প্রকল্পের নামে অতিরিক্ত ঋণনির্ভরতা থেকে বেরিয়ে এসে সার্বিক ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এখন থেকে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রকল্পের বাস্তব উপযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘অতীতে অনেক বড় বড় প্রকল্প নেওয়া হলেও সেগুলোর সবগুলোর অর্থনৈতিক কার্যকারিতা সমান ছিল না। বর্তমান সরকার এখন এমন প্রকল্পকেই অগ্রাধিকার দিচ্ছে, যেগুলো সরাসরি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।’

তিনি জানান, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে সরকার তিনটি মূল মানদণ্ড অনুসরণ করছে। এগুলো হলো—কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক উন্নয়ন এবং সক্ষমতা যাচাই। এসব মানদণ্ড পূরণ করতে না পারা অনেক প্রকল্প এরই মধ্যে বাদ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে মানবসম্পদ উন্নয়নের বিকল্প নেই। এ কারণে আগামী জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল টেকসই হয় না। তাই সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়নকে আমরা সমান গুরুত্ব দিচ্ছি।’

অনুষ্ঠানে বক্তারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো, আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর যৌথ অর্থায়নে পরিচালিত ‘রেইজ’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

বক্তারা জানান, রেইজ প্রকল্পের মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে। প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ে আরও বেশি সংখ্যক উদ্যোক্তাকে প্রশিক্ষণ, সহজ ঋণ সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং ক্ষুদ্র উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

The post ‘ঋণ নির্ভরতা কমিয়ে কর্মসংস্থানমুখী উন্নয়নে কাজ করছে সরকার’ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.