বিজ্ঞাপন কমে যাওয়ায় ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করছে ট্রুকলার

বিজ্ঞাপন কমে যাওয়ায় ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করছে ট্রুকলার
১০ মে, ২০২৬ ২০:০০  
৯ মে, ২০২৬ ২২:০৯  

জনপ্রিয় কলার আইডি অ্যাপ ‘ট্রুকলার’ বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। সুইডেনভিত্তিক এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তারা তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ১৫ শতাংশ বা ৭০ জন কর্মীকে ছাঁটাই করবে। শুক্রবার ২০২৬ সালের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল প্রকাশের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আয়ে বড় ধস
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ট্রুকলারের নিট বিক্রি ২৭ শতাংশ কমে ৩৬২ মিলিয়ন সুইডিশ ক্রোনারে (প্রায় ৩৯.৩৪ মিলিয়ন ডলার) নেমে এসেছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে বিজ্ঞাপনের বাজার থেকে, যেখানে আয় কমেছে প্রায় ৪৪ শতাংশ। বিশেষ করে ট্রুকলারের প্রধান বাজার ভারতে প্রতিষ্ঠানটির আয় কমেছে রেকর্ড ৪১ শতাংশ।

সংকটের নেপথ্যে ভারত ও মধ্যপ্রাচ্য
ট্রুকলারের সিইও ঋষিত ঝুনঝুনওয়ালা জানান, ভারতে ‘রিয়েল-মানি গেমিং’ (অনলাইন জুয়া বা ফ্যান্টাসি স্পোর্টস) অ্যাপগুলোর ওপর নিষেধাজ্ঞা এবং আইপিএল চলাকালীন গত বছরের মতো বিজ্ঞাপন না পাওয়াই এই ধসের প্রধান কারণ। উল্লেখ্য, গত আগস্টে ভারত সরকার ড্রিম-ইলেভেন বা এমপিএল-এর মতো অর্থ লেনদেনকারী গেমিং অ্যাপগুলো নিষিদ্ধ করায় বড় ধরনের রাজস্ব হারিয়েছে ট্রুকলার। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ওই অঞ্চলেও প্রতিষ্ঠানটির আয় উল্লেখযোগ্যভাবে কমেছে।

গুগল ও দেশীয় প্রযুক্তির চ্যালেঞ্জ
বিজ্ঞাপন থেকে আয় কমার পেছনে গুগলের অ্যালগরিদম পরিবর্তনকেও দায়ী করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ভারতে টেলিকম নিয়ন্ত্রক সংস্থার নিজস্ব কলার আইডি সেবা ‘সিএনএপি’ চালুর ফলে ট্রুকলারের প্রয়োজনীয়তা নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গত বছর অ্যাপটি ডাউনলোডের হারও ৫ শতাংশ কমেছে।

আশার আলো সাবস্ক্রিপশনে
ব্যবসায় মন্দা চললেও ট্রুকলারের জন্য কিছু ইতিবাচক দিকও রয়েছে। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ৫০ কোটি (৫০০ মিলিয়ন) সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে। এছাড়া অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে আয় বেড়েছে ২৭ শতাংশ। এআই অ্যাসিস্ট্যান্ট এবং ফ্যামিলি প্রোটেকশনের মতো নতুন ফিচার যুক্ত করায় পেইড ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে তারা।

শেয়ার বাজারেও ট্রুকলারের অবস্থা নাজুক। গত ১২ মাসে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৭৯ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এবারের প্রান্তিক ফলাফল প্রকাশের পর বাজারে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ