এয়ারবিএনবির ৬০ শতাংশ নতুন কোড লিখছে এআই

এয়ারবিএনবির ৬০ শতাংশ নতুন কোড লিখছে এআই
১০ মে, ২০২৬ ১৭:০০  
৯ মে, ২০২৬ ২২:১২  

বিশ্বখ্যাত আবাসন ও পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘এয়ারবিএনবি’ তাদের দৈনন্দিন কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহারের তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত প্রান্তিকে এয়ারবিএনবি-র প্রকৌশলীরা যে পরিমাণ নতুন কোড তৈরি করেছেন, তার প্রায় ৬০ শতাংশই লিখেছে এআই। শুক্রবার ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আয়-ব্যয় সংক্রান্ত সভায় এই চাঞ্চল্যকর তথ্য জানান প্রতিষ্ঠানের সিইও ব্রায়ান চেস্কি।

প্রকৌশলীদের কাজ সহজ করছে এআই
ব্রায়ান চেস্কি জানান, এআই টুলের ব্যবহারের ফলে প্রকৌশলীদের উৎপাদনশীলতা বহুগুণ বেড়েছে। বিশেষ করে প্রোপার্টি ম্যানেজমেন্ট সফটওয়্যারের টুল তৈরির ক্ষেত্রে এটি দারুণ কার্যকর হচ্ছে। তিনি বলেন, “আগে যে কাজটির জন্য ২০ জন প্রকৌশলীর একটি দল লাগত, এখন একজন দক্ষ প্রকৌশলী এআই এজেন্টের সহায়তায় সেই কাজ অনায়াসেই সম্পন্ন করতে পারছেন। এর ফলে আমরা এখন এমন অনেক সফটওয়্যার তৈরি করতে পারছি, যার জন্য আগে পর্যাপ্ত রিসোর্স ছিল না।”

গ্রাহক সেবায় এআই-এর দাপট
কেবল কোডিং নয়, গ্রাহক সেবায় বা কাস্টমার সাপোর্টেও এআই-এর ওপর নির্ভরতা বাড়ছে এয়ারবিএনবি-র। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট গ্রাহক সমস্যার ৪০ শতাংশই কোনো মানুষ ছাড়াই সমাধান করছে এআই চ্যাটবট। বছরের শুরুতে এই হার ছিল ৩৩ শতাংশ।

ট্রাভেল সেক্টরে এআই-এর চ্যালেঞ্জ
এআই-এর সফলতা সত্ত্বেও পর্যটন বা ই-কমার্স খাতে বর্তমান চ্যাটবটগুলোর সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন চেস্কি। তার মতে, বর্তমান চ্যাটবটগুলো কেবল টেক্সট বা লেখার ওপর ভিত্তি করে তৈরি, যা ছবি-নির্ভর ট্রাভেল সাইটগুলোর জন্য খুব একটা সুবিধাজনক নয়। এছাড়া ম্যাপ বা মানচিত্র ব্যবহার এবং হাজার হাজার অপশন তুলনা করার ক্ষেত্রেও চ্যাটবটগুলো এখনো পিছিয়ে রয়েছে।

আয়ের ইতিবাচক চিত্র
প্রযুক্তির এই আধুনিকায়নের সুফল এয়ারবিএনবি-র আয়েও প্রতিফলিত হয়েছে। গত বছরের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানের আয় ১৮ শতাংশ বেড়ে ২.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ সময়ে মোট ১৫ কোটি ৬২ লাখ বুকিং সম্পন্ন হয়েছে, যা গত বছরের চেয়ে ৯ শতাংশ বেশি। এছাড়া ‘রিজার্ভ নাও, পে লেটার’ (এখনই বুক করুন, পরে পেমেন্ট করুন) ফিচারটি গ্রাহকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞদের মতে, গুগল, মাইক্রোসফট ও স্পটিফাইয়ের মতো এয়ারবিএনবি-র এই পদক্ষেপ প্রমাণ করে যে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন এআই-কে কেবল একটি টুল হিসেবে নয়, বরং মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ