ডিজিটাল শিক্ষায় একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন ও শিখো
দেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ডিজিটাল শিক্ষা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে অংশীদারিত্বে যুক্ত হয়েছে শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন ও শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান শিখো।
২৮ এপ্রিল, মঙ্গলবার, অপারেটরটির পক্ষে জানানো হয়, সম্প্রতি জিপিহাউসে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম এবং শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীর চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের আওতায় গ্রামীণফোন তাদের ডিজিটাল সেবায় শিখোর প্রিমিয়াম গণিত কোর্স মাইজিপি অ্যাপে যুক্ত করবে। ফলে শিক্ষার্থীরা মূল্যছাড়ে কোর্সটি গ্রহণ করতে পারবে। উদ্যোগটি ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়ক হবে বলে জানানো হয়েছে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, ডিজিটাল শিক্ষার বাড়তি চাহিদার প্রেক্ষাপটে এই অংশীদারিত্ব অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে। মাইজিপি প্ল্যাটফর্মে উচ্চমানের শিক্ষাসামগ্রী, সংযোগ সুবিধা ও সহজ পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ২ কোটি ২৩ লাখ মাসিক সক্রিয় ব্যবহারকারী সহজেই এই কোর্স গ্রহণ করতে পারবেন।
শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহীর চৌধুরী বলেন, প্রযুক্তি তখনই কার্যকর হয়, যখন শেখা, খুঁজে পাওয়া ও পেমেন্ট—সবকিছু এক জায়গায় সহজভাবে পাওয়া যায়। গ্রামীণফোনের সঙ্গে এই উদ্যোগ লাখো শিক্ষার্থীর জন্য নতুন সুযোগ তৈরি করবে।
ডিবিটেক/বিসিআর/ইকে





