আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ
২৬ এপ্রিল, ২০২৬ ১১:৪২  

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাবনার ঈশ্বরদিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি বা ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হচ্ছে ২৮ এপ্রিল, মঙ্গলবার থেকে। ওইদিন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এসময় রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থাকবেন বলে জানাগেছে।  

এর মধ্য দিয়েই মূলত শুরু হবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া। আর আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে এ বিদ্যুৎ। তবে, প্রথম ধাপে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। 

২৬ এপ্রিল, রবিবার এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, জ্বালানি লোডিংয়ের মাধ্যমে রূপপুর প্রকল্প উৎপাদন প্রক্রিয়া শুরু করবে। চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অপরদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহিদুল হাসান জানান, রিয়্যাক্টরে পারমাণবিক জ্বালানি লোড করতে প্রায় ৩০ থেকে ৪০ দিন সময় লাগবে।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমেই ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের পথ প্রশস্ত হয়। শুরুতে উপস্থিত থাকার কথা থাকলেও সময় স্বল্পতার কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না। তবে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় (১২০০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার জন্য ৫২ জন বাংলাদেশী বিশেষজ্ঞ রাশিয়ান বিশেষজ্ঞদের সাথে যৌথভাবে কাজ করার জন্য প্রস্তুত হয়েছেন। 

ডিবিটেক/এসএস/এমইউআইএম