ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো কোল টমাস ছিলেন গেইম ডেভেলপার

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো কোল টমাস ছিলেন গেইম ডেভেলপার
২৬ এপ্রিল, ২০২৬ ১০:২৭  

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক সন্দেহভাজন ওই ব্যক্তি সম্পর্কে দেয়া আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন লস অ্যাঞ্জেলেসের উপশহর টরেন্সের বাসিন্দা। স্থানীয় সময় ২৫ এপ্রিল (শনিবার) রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকা অবস্থায় অনুষ্ঠানস্থলের কাছে তাকে অস্ত্রসহ আটক করা হয়। 

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রকাশিত পাবলিক রেকর্ড অনুযায়ী, অ্যালেন একটি কোচিং ও টেস্ট প্রিপারেশন প্রতিষ্ঠান ‘সি২ এডুকেশন’-এ খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাকে ‘টিচার অব দ্য মান্থ’ হিসেবেও স্বীকৃতি দেয়।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডোমিংগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবনে তিনি একটি হুইলচেয়ারের জন্য জরুরি ব্রেকিং সিস্টেমের প্রোটোটাইপ তৈরি করে স্থানীয় সংবাদেও জায়গা করে নিয়েছিলেন।

অ্যালেন নিজেকে একজন ভিডিও গেম ডেভেলপার হিসেবেও পরিচয় দিতেন। তিনি ‘বোরডম’ নামে একটি ইন্ডি গেম তৈরি করেন, যা স্টিম প্ল্যাটফর্মে বিক্রি হয়। এছাড়া ‘ফার্স্ট ল’ নামে আরেকটি গেম ডেভেলপমেন্টের কাজও চলছিল বলে জানা গেছে।

ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তিনি মার্কিন রাজনীতিবিদ কামালা হ্যারিসের নির্বাচনু প্রচারণায় ২৫ ডলার অনুদানও দেন।

ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এ ঘটনার পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, এ ঘটনায় তিনি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি আতঙ্কিত নন। কারণ প্রেসিডেন্টের কাজটাই বিপজ্জনক। তিনি বলেন, “দেখুন আমি এখানে একটি কাজ করতে এসেছি। প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক। এটি কাজেরই একটি অংশ। আমি মনে করি না প্রেসিডেন্টের দায়িত্বের চেয়ে বিপজ্জনক আর কোনো কাজ আছে। কিন্তু আমি দেশকে ভালোবাসি। আমি অত্যন্ত গর্বিত। আমরা দেশের জন্য যা কাজ করেছি তার জন্য গর্বিত।”

তিনি কৌতুক করে বলেন, “যদি আমি জানতাম প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ, তাহলে আমি হয়ত নির্বাচনই করতাম না।”

এদিকে ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।

প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডিবিটেক/সিএনএন/এমইউআইএম