১৬ মে বসছে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় আসর, নিবন্ধন ২৮ এপ্রিল পর্যন্ত

১৬ মে বসছে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় আসর, নিবন্ধন ২৮ এপ্রিল পর্যন্ত
২৫ এপ্রিল, ২০২৬ ১৯:০২  

দেশের স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তুলতে আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬-এর জাতীয় পর্ব। রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবারের চূড়ান্ত আয়োজন।

এর আগে ২ মে থেকে ১০ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ২ মে ঢাকায় একই বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। ৮ মে রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রতিযোগিতা আয়োজন করা হবে। ৯ মে রাজশাহী কলেজ, চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ যথাক্রমে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের পর্ব অনুষ্ঠিত হবে। যেসব শিক্ষার্থীর নিকটবর্তী কোনো ভেন্যু নেই, তাদের জন্য ১০ মে অনলাইনে ই-অলিম্পিয়াড আয়োজন করা হবে।

আগ্রহী শিক্ষার্থীরা ২৮ এপ্রিল রাত ১০টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হবে। ‘এআই চ্যালেঞ্জ’ ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি ও সমমানের (এ-লেভেল, আলিম, পলিটেকনিক) ২০ বছরের কম বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এই অংশটি জনপ্রিয় ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম ক্যাগল-এ অনুষ্ঠিত হবে এবং এতে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। অন্যদিকে ‘এআই কুইজ’ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে এসএসসি পর্যায়ের শিক্ষার্থীরা বিনামূল্যে অংশ নিতে পারবে, যেখানে সাধারণ জ্ঞান, গণিত ও যুক্তিভিত্তিক দক্ষতা যাচাই করা হবে।

এআই চ্যালেঞ্জ অংশে পাইথন প্রোগ্রামিং, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্কসহ কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক বিষয়গুলো নিয়ে সমস্যা সমাধান করতে হবে প্রতিযোগীদের।

আয়োজন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব অপরিসীম, আর এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনে সহায়ক হবে। অন্যদিকে মাইক্রোসফট-এর এআই লিড সাদিদ হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এআই শেখা মানে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করা, আর এই প্রতিযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করবে।

এবারের আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। পাওয়ারড বাই পার্টনার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। এছাড়া গোল্ড স্পন্সর ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি, ব্রোঞ্জ স্পন্সর বিটনা এবং নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট।

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে এ আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ডিবিটেক/এমএম/এমইউআইএম