জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
২৩ এপ্রিল, ২০২৬ ১৪:২৩  

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ অটোমোটিভ আয়োজন ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। এবারের প্রদর্শনীতে ১০টি দেশের ৭০টিরও বেশি প্রতিষ্ঠান ২০০টিরও বেশি বুথ নিয়ে অংশগ্রহণ করেছে। নতুন প্রযুক্তি, আধুনিক ডিজাইন এবং ভবিষ্যতমুখী যানবাহনের সমন্বয়ে প্রদর্শনী প্রাঙ্গণ হয়ে উঠেছে বৈচিত্র্যময়।

বিশ্ববাজারের জনপ্রিয় ব্র্যান্ড যেমন টয়োটা, মিতসুবিশি, মার্সিডিজ বেঞ্জ, এমজি, প্রোটন, চাঙ্গান, গ্যাক মোটরস এবং ডংফেং-এর নতুন মডেলের গাড়ি এখানে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি টু-হুইলার সেগমেন্টে সিএফ মটো, লংজিয়া এবং ভিমোটো-এর উপস্থিতিও দর্শকদের আকর্ষণ করছে।

বর্তমান জ্বালানি তেলের সংকট ও উচ্চমূল্যের প্রেক্ষাপটে এবারের আয়োজনের মূল আকর্ষণ হয়ে উঠেছে ইলেকট্রিক ভেহিকল (ইভি) বা বৈদ্যুতিক যানবাহন। দর্শনার্থীদের বড় একটি অংশ জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব যানবাহনের খোঁজে ইভি সেগমেন্টে ভিড় করছেন। ব্যাটারিচালিত গাড়ি, ইলেকট্রিক বাইক এবং চার্জিং প্রযুক্তি নিয়ে প্রদর্শনীতে রয়েছে বিশেষ আয়োজন, যা ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার দিকনির্দেশনা তুলে ধরছে।

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস সেমস-গ্লোবাল-এর আয়োজনে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলছে তিন দিনব্যাপী এই প্রদর্শনী, যেখানে একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে মোটর শো, বাইক শো, অটো পার্টস শো, কমার্শিয়াল যানবাহন শো এবং ইলেকট্রিক ভেহিকল এক্সপো।

২৩ এপ্রিল, বৃহস্পতিবার ফিতা কেটে ঘরোয়া উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় নিয়মিত বার্ষিক এই ইভেন্ট। উদ্বোধনীতে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের উপস্থিত না থাকায় মেলার উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক) প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

তার সভাপতিত্বেই এসময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম.এ. কামাল বিল্লাহ;  বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) পরিচালক ড. অনুপম সাহা (যুগ্ম-সচিব),; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) জাবেদ আহমেদ। 

আয়োজকদের মতে, দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই অটো সিরিজ প্রদর্শনী দেশের অটোমোটিভ খাতে প্রযুক্তিগত অগ্রগতি, বিনিয়োগ সম্ভাবনা এবং বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের আয়োজনেও সেই ধারাবাহিকতা বজায় রেখে পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই পরিবহন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, জ্বালানি সংকটের বাস্তবতায় বিকল্প সমাধান খোঁজার বার্তা নিয়ে রাজধানীর এই প্রদর্শনী এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর, যেখানে ভবিষ্যতের পরিবহনের এক নতুন দিগন্তের আভাস মিলছে।

ডিবিটেক/ডিএইচই/ইকে