ইউআইটিএস-এ আইটিইই প্রশিক্ষণের সমাপনী, আন্তর্জাতিক আইটি সনদের পথে ২৫ শিক্ষার্থী

ইউআইটিএস-এ আইটিইই প্রশিক্ষণের সমাপনী, আন্তর্জাতিক আইটি সনদের পথে ২৫ শিক্ষার্থী
২৩ এপ্রিল, ২০২৬ ১৪:২৯  

রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত আইটিইই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের আইটি সনদ অর্জনের প্রস্তুতি তুলে ধরা হয়।

ইউআইটিএস-এর আইকিউএসি ও সিএসই বিভাগের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সহায়তায় পরিচালিত ‘আইপিএ এফই (আইটিইই) ট্রেনিং প্রোগ্রাম’টি শিক্ষার্থীদের জন্য ছিল সম্পূর্ণ বিনামূল্যের। প্রশিক্ষণ শেষে সিএসই বিভাগের ২৫ জন শিক্ষার্থী আগামী ২৫ এপ্রিল আইসিটি টাওয়ারে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছেন।

জাপানের ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সি (আইপিএ)-এর অধীনে পরিচালিত ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই), লেভেল-২: এফই’ পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। সংশ্লিষ্টরা জানান, এ সনদ আইসিটি খাতে পেশাগত দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ এবং জাইকা প্রশিক্ষিত মাস্টার টিওটি ট্রেইনার ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. শামীম এইচ রিপন। এছাড়া উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন এবং সিএসই বিভাগের প্রধান আল-ইমতিয়াজসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আন্তর্জাতিক মানের সনদ অর্জনের গুরুত্ব তুলে ধরে বিসিসিকে ধন্যবাদ জানান এবং বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আইসিটি পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন অপরিহার্য।

গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ এপ্রিল পর্যন্ত চলা এই প্রশিক্ষণে মোট ৩০টি সেশনে ৬০ ঘণ্টার পাঠদান করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একঝাঁক বিশেষজ্ঞ, যাদের মধ্যে ছিলেন বুয়েট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকরা।

প্রশিক্ষণের অংশ হিসেবে ১৯ এপ্রিল একটি মডেল টেস্ট অনুষ্ঠিত হয় এবং এতে শীর্ষ তিন শিক্ষার্থীকে সমাপনী অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আইডি কার্ড ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

ইউআইটিএস কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানের দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং দেশের আইসিটি খাতকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিবিটেক/এনএ/ইকে