১৬ ডিসেম্বর বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু
চলতি বছরের ১৬ ডিসেম্বর বা ২০২৭ সালের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
২৩ এপ্রিল, বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তিনি কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার এয়ারপোর্ট চালুর পরিকল্পনা রয়েছে। ২-৩ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।
তিনি বলেন, এই বছরের শেষ নাগাদ চালু করার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হতে পারে।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে বোয়িং থেকে ১৪টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেয়ার ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেল পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার।
এর আগে ২২ এপ্রিল পর্যটন নিয়ে সরকারের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আমি শুনেছি যে, আমাদের বিমান খালি যায়। অনেকেই টিকিট পাচ্ছে না, অথচ বিমান যাচ্ছে খালি। সেই সিন্ডিকেট তো রয়েছে। সেগুলো ভাঙার জন্য যে যে পরিকল্পনা দরকার, আমরা করেছি। আমরা জানি কী কী সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি।’







