বাংলাদেশে প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা আনছে বাংলালিংক
দেশের টেলিযোগাযোগ খাতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বাংলালিংক। দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে বৈশ্বিক স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংক মোবাইল-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে অপারেটরটি।
২২ এপ্রিল, মঙ্গলবার ঢাকায় এ ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে এবং দুর্গম এলাকাতেও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলালিংক জানায়, স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে এমন অনেক এলাকায়ও মোবাইল সংযোগ পাওয়া যাবে, যেখানে এখনো প্রচলিত নেটওয়ার্ক পৌঁছায়নি বা সিগন্যাল দুর্বল। বিশেষ করে পার্বত্য অঞ্চল, চরাঞ্চল, উপকূলীয় দ্বীপ ও সাগরের অফশোর এলাকাগুলোতে এই সেবা কার্যকর হবে।
প্রাথমিকভাবে এসএমএস ও ওটিটি মেসেজিং দিয়ে সেবাটি চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে ভয়েস ও ডাটা সেবাও যুক্ত করা হবে। আকাশ দৃশ্যমান—এমন যেকোনো স্থান থেকেই ব্যবহারকারীরা বার্তা আদান-প্রদান করতে পারবেন, যা জরুরি পরিস্থিতিতে যোগাযোগ সচল রাখতে সহায়ক হবে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে বলেন, সংযোগ মানে শুধু প্রযুক্তি নয়, মানুষের প্রয়োজনে পাশে থাকা। দেশের ভৌগোলিক বৈচিত্র্যের কারণে কিছু এলাকা এখনও নেটওয়ার্কের বাইরে রয়েছে, স্যাটেলাইট সংযোগের মাধ্যমে সেই সীমাবদ্ধতা দূর করার লক্ষ্য তাদের।
অন্যদিকে, স্টারলিংক মোবাইলের ভাইস প্রেসিডেন্ট স্টেফানি বেডনারেক বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের লাখো মানুষ সংযুক্ত থাকতে পারবেন।
এই উদ্যোগটি বৈশ্বিক টেলিকম গ্রুপ ভিয়ন ও স্টারলিংকের যৌথ প্রচেষ্টার অংশ। ইউক্রেন ও কাজাখস্তানে সেবা চালুর পর বাংলাদেশ হচ্ছে তৃতীয় দেশ, যেখানে এ প্রযুক্তি চালু হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শিগগিরই দেশে এই সেবা চালু হবে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি চালু হলে দেশের টেলিযোগাযোগ খাতে বড় ধরনের পরিবর্তন আসবে এবং “ডেড জোন” কমে গিয়ে সর্বত্র সংযোগ নিশ্চিত করার পথ আরও সহজ হবে।
ডিবিটেক/ডিএইচ







