ভার্চুয়াল আদালতের প্রথম দিনে সুপ্রিম কোর্টে ১৭৭ মামলা নিষ্পত্তি
জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়েছে। প্রথম দিনেই দেশের সর্বোচ্চ আদালতের আপিল ও হাইকোর্ট বিভাগ মিলে সর্বমোট ১৭৭টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। এদিন শুনানির জন্য দুই বিভাগে মোট ৭০৭টি মামলা কার্যতালিকায় ছিল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (২২ এপ্রিল) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে:
- আপিল বিভাগ (চেম্বার আদালতসহ): মোট ৯৫টি মামলার শুনানি অনুষ্ঠিত হয় এবং ২১টি মামলার নিষ্পত্তি করা হয়।
- হাইকোর্ট বিভাগ: মোট ৬১২টি মামলার শুনানি অনুষ্ঠিত হয় এবং ১৫৬টি মামলার নিষ্পত্তি করা হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি নিয়মিতভাবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, ‘আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং সুপ্রিম কোর্টের জারি করা ‘প্র্যাকটিস নির্দেশনা’ অনুসরণ করে এই ভার্চুয়াল আদালত পরিচালিত হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ভার্চুয়াল বিচারকাজ চলবে।
বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় এবং সরকারি ব্যয় কমিয়ে আনতে সুপ্রিম কোর্ট প্রশাসন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
ডিবিটেক/বিএমটি







