জ্বালানি নিরাপত্তায় নতুন রেকর্ড

বিশ্বের সর্বোচ্চ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীন

বিশ্বের সর্বোচ্চ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীন
২০ এপ্রিল, ২০২৬ ০০:০০  

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এক অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে চীন। তিব্বতের দুর্গম দাংজিয়ং কাউন্টিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৫৫০ মিটার উচ্চতায় একটি বিশালাকার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে দেশটি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া ও সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, এই প্রকল্পটি হবে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় নির্মিত প্রথম 'প্যারাবোলিক ট্রাফ সোলার থার্মাল' কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রে ৫০ মেগাওয়াট ক্ষমতার কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার (সিএসপি) প্ল্যান্টের পাশাপাশি ৪০০ মেগাওয়াটের একটি বিশাল ফটোভোল্টাইক সিস্টেম যুক্ত করা হচ্ছে। আধুনিক এই প্রযুক্তির সমন্বয়ে প্রকল্পটি ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকে এই কেন্দ্রটি প্রকৌশলবিদ্যার এক বিস্ময়। প্রায় ২ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই প্রকল্পে ৬৮টি কালেক্টর লুপ স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৮টি লুপে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৮.৬ মিটার প্রশস্ত ট্রাফ ব্যবহার করা হচ্ছে, যা বর্তমানে বাণিজ্যিক প্রকল্পে বিশ্বের বৃহত্তম। এখানে সূর্যের তাপ সংগ্রহ করতে বিশেষভাবে তৈরি তাপ পরিবাহী তেল ব্যবহার করা হবে।


বিদ্যুৎ কেন্দ্রটির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো এর ‘মল্টেন সল্ট’ বা গলিত লবণ স্টোরেজ প্রযুক্তি। এই পদ্ধতির মাধ্যমে দিনের বেলা সূর্যের অতিরিক্ত তাপ সংগ্রহ করে রাখা হবে, যা সূর্যাস্তের পর বা মেঘলা আকাশেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। মূলত উচ্চভূমি অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জ্বালানি নিরাপত্তা বজায় রাখতেই এই উন্নত প্রযুক্তি বেছে নেওয়া হয়েছে।


বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ যখন অনিশ্চিত, তখন চীন তার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল হিসেবে নবায়নযোগ্য উৎসকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিব্বতের এই উচ্চাভিলাষী প্রকল্প কেবল চীনের জ্বালানি চাহিদা মেটাবে না, বরং নবায়নযোগ্য শক্তি খাতে দেশটির বিশ্ব নেতৃত্বকে আরও সুসংহত করবে।

ডিবিটেক/ইকে