বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬: বি-টু-বি ই-কমার্সে সেরা ইউনিলিভার বাংলাদেশ

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬: বি-টু-বি ই-কমার্সে সেরা ইউনিলিভার বাংলাদেশ
২০ এপ্রিল, ২০২৬ ০০:০০  
দেশের রিটেইল খাতে উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। ১৯ এপ্রিল ঢাকার একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।
ইউনিলিভারের উন্নত ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মটি খুচরা ব্যবসায়ীদের জন্য দ্রুত, দক্ষ ও স্বচ্ছ লেনদেনের সুযোগ তৈরি করে দেশের প্রচলিত বাজার ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে। মূলত প্রযুক্তিনির্ভর ও টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তোলার স্বীকৃতি হিসেবেই প্রতিষ্ঠানটিকে এই শীর্ষ সম্মাননা দেওয়া হয়।
বি-টু-বি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পাশাপাশি আরও তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার।
সেগুলো হলো— ‘মোস্ট সাসটেইনেবল রিটেইল ইনিশিয়েটিভ’, ‘বেস্ট লয়্যালটি ক্যাম্পেইন ফর রিটেইল’ এবং ‘বেস্ট ইউজ অব টেকনোলজি ইন রিটেইল’। এই অর্জনগুলো প্রমাণ করে যে, ইউনিলিভার কেবল পণ্য বিপণনেই নয়, বরং সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্যোগের সমন্বয়ে একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলছে।
বাংলাদেশে দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করা এই প্রতিষ্ঠানটি প্রতিদিন কোটি মানুষের দ্বারে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে। সাম্প্রতিক এই অর্জন সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, এই পুরস্কার তাদের উদ্ভাবনী যাত্রাকে আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে প্রযুক্তির সঠিক ব্যবহার ও টেকসই উদ্যোগের মাধ্যমে খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা—উভয় পক্ষের জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক রিটেইল ব্যবস্থা গড়ে তোলাই ইউনিলিভার বাংলাদেশের মূল লক্ষ্য।