ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদে বসে আসি: মামুনুর রশীদ
'ভিউ বাণিজ্য এসে আমাদের সর্বনাশ করেছে। সেই সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি’ বলে মন্তব্য করেছেন গুণী অভিনেতা মামুনুর রশীদ।
‘ভিউ বাণিজ্য’ এবং শিল্পের সংকট প্রসঙ্গ তুলে এই নাট্যজন বলেন, ‘একদিকে আমাদের শিল্পের সংকট, অন্যদিকে রাজনৈতিক সংকটও চলছে। আমরা ভালো কিছু নির্মাণ করতেই পারছি না। প্রেরণাহীন একটা সময় আমরা কাটাচ্ছি।'
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের ৬০ বছর পূর্তি উপলক্ষে ১৯ এপ্রিল, শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
তৌকির আহমেদের বেড়ে ওঠার সময়ের কথা স্মরণ করে মামুনুর রশীদ বলেন, ‘গণতান্ত্রিক বিকাশের পর অনেক দেশে শিল্পীরা নিজেদের অসংকোচে প্রকাশ করতে পারেন। পাশের দেশ ভারত কিংবা উন্নত বিশ্বের উদাহরণ দেখলে সেটাই বোঝা যায়। কিন্তু সেই স্বাধীনতা আমাদের জীবনে পুরোপুরি আসেনি। এই সীমাবদ্ধতার মধ্য দিয়েই তৌকিরের বেড়ে ওঠা, অসংখ্য শিল্পীর বেড়ে ওঠা। শুধু তৌকির নয়, তার সমসাময়িক শিল্পীরাও অনেক সংগ্রাম করে আজকের জায়গায় পৌঁছেছেন।’
শিল্পীদের নিয়ে প্রচলিত ধারণা বিষয়ে এই নাট্যজনের মত, ‘অনেকে মনে করেন শিল্পীরা বোহেমিয়ান বা হালকা প্রকৃতির। আবার অনেকে ভাবেন, শিল্পীদের মধ্যে মেধার ঘাটতি আছে। কিন্তু তৌকিরের মতো মানুষ যত বেশি থাকবে, আমাদের এই অঙ্গনের সম্মান ততই বাড়বে।’
দিনব্যাপী তৌকীরকে নিয়ে, তার কর্ম ও ব্যক্তিত্ব নিয়ে কথা বলেছেন দেশের নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের গুণীজনেরা। হাজির হয়েছিলেন মামুনুর রশীদ, আবুল হায়াত, আফজাল হোসেন, আজিজুল হাকিম, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, কচি খন্দকার, মাহফুজ আহমেদ, আরও অনেকে।
তৌকীর আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে নাট্যজনরা তুলে ধরেন তার শৃঙ্খলাবোধ, কাজের প্রতি নিষ্ঠা ও ব্যক্তিত্বের নানা দিক। প্রথম নাটক ‘ফিরিয়ে দাও অরণ্য’-এর প্রযোজক খ ম হারুন বলেন, তরুণ বয়সেই তৌকীরের প্রতিভা তাকে মুগ্ধ করেছিল। বুয়েটে গিয়ে ছাত্র তৌকীরের সঙ্গে দেখা করার স্মৃতিও স্মরণ করেন তিনি।
সেই ২২ বছরের তরুণ তৌকীরের গল্প বলতে গিয়ে তিনি বলেন, ‘একটা ছেলের কথা বলেছিলেন আব্দুল্লাহ আল মামুন ভাই। সেই ছেলেটা ছিল তৌকীর! তাকে নাটকে নেবো কি না অনেক চিন্তা ভাবনা করি। তার সঙ্গে দেখা করতে বুয়েটে গিয়েছিলাম। তারপর মনে হলো, ঠিক আছে। একমাস রিহার্সাল করেছিলাম নাটকটির। তারপর অন এয়ার হওয়ার পরের গল্পটা সবারই জানা।
ডিবিটেক/বিএন/ইকে







