কৃষি প্রযুক্তি ও শিল্প উন্নয়নে বাংলাদেশ-চীনের বড় সম্ভাবনা রয়েছে
আধুনিক কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনশক্তির দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।
১৮ এপ্রিল, শনিবার চীনের লু’আন পৌর সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সফররত বিএনপির ১৯ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইসমাইল জবিউল্লাহ।
বৈঠকে চীনা পক্ষের নেতৃত্বে ছিলেন সিপিসি লু’আন পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও ভাইস-মেয়র লি কিয়াং। এছাড়া উপস্থিত ছিলেন লু’আন পৌর সরকারের উপ-মহাসচিব লিউ ঝেংওয়াং এবং পররাষ্ট্রবিষয়ক দপ্তরের উপ-পরিচালক কিন ফেই। বৈঠকের আগে প্রতিনিধিদলটি চীনের অন্যতম শীর্ষ দশ চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি ‘গুয়াপিয়ান টি কোম্পানি লিমিটেড’ পরিদর্শন করে।আমরা প্রত্যক্ষ করেছি, কীভাবে ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎকর্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন সম্ভব। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ হিসেবে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও ভ্যালু চেইন উন্নয়নে চীনের এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের যে আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক রয়েছে, এ ধরনের সফর সেই সম্পর্ককে নতুন মাত্রা প্রদান করবে। পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি লু’আন শহরের মেয়রের আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেন।
সফরের অংশ হিসেবে গত ১৭ এপ্রিল প্রতিনিধিদলটি বিখ্যাত অটোমোবাইল কোম্পানি ‘জ্যাক মটরস’ এবং ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না’ পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতের পরিকল্পনা ও ভিশন তুলে ধরা হয়। শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দেশে ফিরে জাতীয় উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গত ১৬ এপ্রিল সিপিসির আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের এই প্রতিনিধিদলটি চীন পৌঁছায়। প্রতিনিধিদলে আরও রয়েছেন- সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শামসুজ্জামান দুদু, এস এম আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, নজমুল হক নান্নু, বেবি নাজনীন, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান রতন, নীলুফার চৌধুরী মনি, সায়েদ আল নোমান, মনোয়ার হোসেন, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, মো. আমান উল্লাহ আমান ও মীর সোলাইমান।
ডিবিটেক/বিএন/ইকে







