৫৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র ও মাস্টারপ্ল্যান তৈরির সিদ্ধান্ত অনুমোদন

সোলার প্যানেল বসাবে সেতু কর্তৃপক্ষ

  • বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভায় সৌর বিদ্যুৎ উৎপাদন অন্তর্ভুক্তকরণ ও মাস্টারপ্ল্যানের সিদ্ধান্ত
  • যমুনা সেতু সাইটে ১২০ একর জমি দীর্ঘমেয়াদি লিজে ৫৫ মেগাওয়াট সোলার প্ল্যান্ট স্থাপিত হবে
  • সেন্টার ফর ব্রিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (CBRT) স্থাপনসহ ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট পুনর্বাসন নীতিমালা সংশোধন

সোলার প্যানেল বসাবে সেতু কর্তৃপক্ষ
৩০ জুলাই, ২০২৬ ১৭:১৮  

পরিবেশবান্ধব টেকসই প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বা সেতু ক)।  ৩০ জুলাই, বৃহস্পতিবার দুপুরে সেতু ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংস্থার ১১৭তম বোর্ড সভায় কর্তৃপক্ষের সার্বিক কার্যপরিধিতে সোলার প্যানেল স্থাপনের প্রযুক্তিগত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান শেখ রবিউল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বোর্ডের সদস্যবৃন্দ সশরীরে এবং অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অংশ নেন। সভার শুরুতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ কার্যসূচি ও পূর্ববর্তী সভার অগ্রগতি উপস্থাপন করেন।

সৌর বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি ও ১২০ একর জমি ইজারা
বর্তমান সরকারের সবুজ কর্মসংস্থান ও ক্লিন এনার্জি প্রযুক্তির অংশ হিসেবে যমুনা সেতু সাইটে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL)-কে ১২০ একর জমি দীর্ঘমেয়াদি ইজারা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এই জমিতে আধুনিক সোলার প্যানেল প্রযুক্তির সাহায্যে ৫৫ মেগাওয়াট (MW) ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। একই সাথে সেতু কর্তৃপক্ষের মালিকানাধীন অন্যান্য অবকাঠামো ও জমিতে সৌর শক্তি ব্যবহারের সম্ভাব্যতা বিচারে মাস্টারপ্ল্যান কার্যকর করা হবে।

গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে CBRT
সেতু কর্তৃপক্ষের অধীনে সেতু ও বড় ধরণের টেকসই অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ, পেশাগত জ্ঞান অর্জন এবং গবেষণা জোরদারে ‘সেন্টার ফর ব্রিজ রিসার্চ এন্ড ট্রেনিং’ (CBRT) স্থাপনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এই প্রতিষ্ঠানটি নতুন অবকাঠামোগত প্রযুক্তি ও প্রকৌশল গবেষণায় বিশেষ ভূমিকা রাখবে।

পুনর্বাসন ও অন্যান্য সিদ্ধান্ত
সভায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকার রক্ষায় পুনর্বাসন ভিলেজে ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি, উত্তরার দিয়াবাড়িতে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা চুক্তি পুনঃবহাল এবং ‘কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১০’-এ সংশোধন এনে 'বার্ষিক বৃত্তি প্রদান'-এর স্থলে 'বার্ষিক শিক্ষা অনুদান সহায়তা' শব্দটি অন্তর্ভুক্ত করা হয়।

সভাপতির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, সরকার টেকসই, আধুনিক ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বত্তম ব্যবহারে অঙ্গীকারবদ্ধ। তিনি গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত ও স্বচ্ছতার সাথে বাস্তবায়নের নির্দেশ দেন।
//ডিবিটেক/এমআরএস/এমআইএস//