কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশকে কারিগরি সহায়তায় আগ্রহী রাশিয়া

কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশকে কারিগরি সহায়তায় আগ্রহী রাশিয়া
২৫ মার্চ, ২০২৬ ১৮:৫৩  

কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশকে কারিগরি সহায়তার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। ২৫ মার্চ, বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কৃষি খাত, খাদ্য নিরাপত্তা এবং আমদানি-রপ্তানি বাণিজ্যসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কৃষি সচিব রফিকুল ই মোহামেদ, কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের প্রথম সচিব আনাস্তাসিয়া নেমোভা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে দেশের কৃষি ও প্রযুক্তিসহ নানা খাতে রাশিয়া সহযোগিতা করে আসছে। বাংলাদেশ নন-ইউরিয়া সার, বিশেষ করে এমওপি সারের একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানি করে। ভবিষ্যতেও এই সরবরাহ যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়ে মন্ত্রী রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

পাশাপাশি বাংলাদেশ থেকে আলু, আম, শসা ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের আমদানি বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশের কৃষি খাতে রাশিয়ার সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশ থেকে রাশিয়া নিয়মিতভাবে আলুসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি করে থাকে। সার ও বীজ সরবরাহের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণেও তার দেশ কারিগরি সহায়তার বিষয়ে আগ্রহী। মন্ত্রী এ বিষয়ে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ডিবিটেক/এনএ/ইকে