মেঘনায় বৈদ্যুতিক শকে মাছ শিকারের জাল জব্দ

মেঘনায় বৈদ্যুতিক শকে মাছ শিকারের জাল জব্দ
১৬ মার্চ, ২০২৬ ০৯:৫১  

বৈদ্যুতিক তারযুক্ত বিশেষ ধরনের জাল ব্যবহার করে মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে গোপনে ব্যবহৃত হচ্ছে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারি জাল।  এতে মাছের পোনা, ডিম, এমনকি সাপ ও ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী মারা যাচ্ছে। হুমকির মুখে পড়েছে নদীর স্বাভাবিক পরিবেশ। 

এমন পরিস্থিতিতে হিজলার মৌলভীরহাট সংলগ্ন নদীতে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ, রবিবার রাতে অভিযান চালানো হয়। এসময় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার সময় একটি ট্রলারসহ ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন বরিশালের হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, অভিযান টের পেয়ে জড়িত জেলেরা পালিয়ে যায়। তবে ট্রলার থেকে জব্দ করা সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, অভিযানে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মো. শাহজাদাসহ পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং স্থানীয়দের সচেতন করতেও কাজ চলছে।

মোহাম্মদ আলম বলেন, বৈদ্যুতিক শক ব্যবহারে শুধু মাছ নয়, সাপ, ব্যাঙসহ অন্যান্য জলজ প্রাণীও মারা যায়। এমনকি কোনো মাছ বেঁচে গেলেও তার প্রজননক্ষমতা নষ্ট হয়ে যায়। এতে দীর্ঘমেয়াদে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে প্রকাশ, মেঘনা নদী ইলিশের অভয়ারণ্য। পাশাপাশি নদীটির শাখা নদী ও খালগুলোতে প্রায় সব প্রজাতির মাছ পাওয়া যায়। ছোট মাছের মধ্যে বাঁশপাতারি, বৈরালি, বেলে, রিঠা ও গলদা চিংড়ি বেশি পাওয়া যায়।

আর বড় মাছের মধ্যে ইলিশ ছাড়াও ৫ থেকে ১০ কেজি ওজনের পাঙাশ, বাগাড়, বোয়াল ও ভেউস পাওয়া যায়। এই নদী ও শাখা নদীকে ঘিরে হাজারো জেলে দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,কম সময়ে বেশি মাছ ধরার আশায় একশ্রেণির অসাধু জেলে বৈদ্যুতিক তারযুক্ত বিশেষ ধরনের জাল ব্যবহার করে মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে গোপনে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারে মেতে উঠেছে। বৈদ্যুতিক শক দিয়ে তারা নির্বিচারে ছোট-বড় সব মাছ ধরছে। ফলে মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। 

সূত্রমতে, রিকশা বা ইজিবাইকে ব্যবহৃত ব্যাটারির সঙ্গে ইনভার্টার যুক্ত করে বিদ্যুৎ প্রবাহ তৈরি করা হয়। এরপর দুটি তারের একটি পানিতে ফেলে এবং অন্যটি জালের সঙ্গে যুক্ত করা হয়। এভাবে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই আশপাশের মাছ ভেসে ওঠে, যা পরে জাল দিয়ে তুলে নেওয়া হয়।

ডিবিটেক/বিএনও/ইকে