ইনস্টাগ্রামের ডিএম থেকে উঠে যাচ্ছে এনক্রিপশন
মেটা তাদের ছবি-ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজের (ডিএম) জন্য ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সুবিধা তুলে নিচ্ছে। আগামী ৮ মে থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। চ্যাটগুলোর মেসেজ ও মিডিয়া সংরক্ষণে ব্যবহারকারীদের অ্যাপের ভেতরে নির্দেশনা দেখানো হবে বলে জানানো হয়েছে। খবর ৯টু৫ গুগল।
মেটার পক্ষ থেকে জানানো হয়, খুব কম সংখ্যক ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করতেন বলেই এটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র দ্য ভার্জকে বলেন, “খুব কম মানুষই ডিএমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করতেন, তাই আমরা আগামী মাসগুলোতে ইনস্টাগ্রাম থেকে এই অপশন সরিয়ে নিচ্ছি। যারা এনক্রিপশন চান, তারা ওয়াটসঅ্যাপে সহজেই পাবেন।”
২০২৩ সালে ইনস্টাগ্রামে এই সুবিধা চালু করে মেটা। তবে এটি ডিফল্ট না থাকায় ও সেটিংসে গিয়ে আলাদাভাবে চালু করতে হত। অথচ ওয়াটসঅ্যাপে ডিফল্টভাবেই এই সুরক্ষা ব্যবস্থা চালু থাকে।
কম ব্যবহারের পাশাপাশি বিশ্বব্যাপী আইনি ও নীতিগত চাপকেও এই সিদ্ধান্তের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে শিশু সুরক্ষা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তদন্তে বাধা সৃষ্টির অভিযোগের মুখে পড়েছে এনক্রিপশন প্রযুক্তি। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের একটি মামলায় মেটার অভ্যন্তরীণ নথি থেকে জানা যায়, প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীরা সতর্ক করেছিলেন যে শক্তিশালী এনক্রিপশন শিশু নির্যাতনের তথ্য শনাক্ত ও রিপোর্ট করার সক্ষমতা কমিয়ে দিতে পারে।
অন্যদিকে টিকটক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করবে না, কারণ এতে ক্ষতিকর কনটেন্ট শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই বিতর্কের মধ্যেই ইউরোপীয় কমিশন চলতি বছর এনক্রিপশন প্রযুক্তির ওপর একটি রোডম্যাপ প্রস্তুত করছে, যেখানে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি প্রয়োজনের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা হবে।
ডিবিটেক/বিএমটি





