১৫ কোটি ডলার জরিমানা পরিশোধে সম্মত অ্যাডোবি
ফটোশপ ও অ্যাক্রোব্যাটের প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডোবি ১৫ কোটি ডলার জরিমানা দিয়ে মার্কিন সরকারের একটি মামলা নিষ্পত্তি করেছে। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর রয়টার্স।
২০২৪ সালের জুনে মার্কিন বিচার বিভাগ ও ফেডারেল ট্রেড কমিশনের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, অ্যাডোবি তাদের ‘বার্ষিক পরিশোধযোগ্য মাসিক’ সাবস্ক্রিপশন প্ল্যানের বড় অঙ্কের ফি গোপন রাখত এবং সাবস্ক্রিপশন বাতিল প্রক্রিয়া জটিল করে তুলত। এই ফি কখনও কখনও শত শত ডলারে পৌঁছাত, যা ক্ষুদ্রাক্ষরে বা টেক্সট বক্সের আড়ালে লুকিয়ে রাখা হতো।
অনলাইন গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় ২০১০ সালে প্রণীত রিস্টোর অনলাইন শপার্স কনফিডেন্স অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগও আনা হয় অ্যাডোবির বিরুদ্ধে। এই আইন অনুযায়ী, গ্রাহকের সম্মতি ও স্পষ্ট তথ্য ছাড়া স্বয়ংক্রিয় সাবস্ক্রিপশন পুনর্বহালের মাধ্যমে চার্জ নেওয়া নিষিদ্ধ।
সমঝোতার আওতায় অ্যাডোবিকে ৭৫ লাখ ডলার জরিমানা দিতে হবে এবং আরও ৭৫ লাখ ডলার মূল্যের বিনামূল্যের সেবা গ্রাহকদের দিতে হবে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে যুক্ত দুই নির্বাহীর বিরুদ্ধেও মামলা নিষ্পত্তি হয়েছে।
মার্কিন বিচার বিভাগের সিভিল বিভাগের প্রধান ব্রেট শুমেট এক বিবৃতিতে বলেন, “আমেরিকান ভোক্তারা তাদের কষ্টার্জিত অর্থ কোথায় ব্যয় করবেন সে সিদ্ধান্ত নেওয়ার সময় অবহিত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন।”
অ্যাডোবি অবশ্য সরকারের অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে তারা সাইন-আপ ও বাতিল প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করেছে। অ্যাডোবি আরও বলে, “সরকারের দাবির সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি এবং কোনো অন্যায় করিনি বলে অস্বীকার করি, তবে বিষয়টি নিষ্পত্তি করতে পেরে আমরা সন্তুষ্ট।”
এদিকে অ্যাডোবির প্রধান নির্বাহী শান্তনু নারায়ণ ঘোষণা দিয়েছেন, তিনি ১৮ বছরেরও বেশি সময় ধরে এই দায়িত্ব পালনের পর পদত্যাগ করবেন। চলতি বছর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে অ্যাডোবির ব্যবসায়িক সম্ভাবনাকে প্রভাবিত করবে তা নিয়ে উদ্বেগ প্রতিফলিত করে।
ডিবিটেক/বিএমটি







