পোকেমন পোকোপিয়া : সবচেয়ে মায়াবী পোকেমন গেম

পোকেমন পোকোপিয়া : সবচেয়ে মায়াবী পোকেমন গেম
৭ মার্চ, ২০২৬ ২৩:৪৮  

একটি ডিট্টো যে মানুষ হওয়ার ভান করে, তার চারপাশ থেকে হঠাৎ করেই সব মানুষ ও পোকেমন উধাও। শুরু হয় এক নিঃসঙ্গ অভিযান, আর তার পরিণতি এক চমৎকার, সবুজে ঘেরা স্বপ্নের গ্রামে। এটাই পোকেমন পোকোপিয়া, যা এনগ্যাজেটের রিভিউতে পেয়েছে অত্যন্ত প্রশংসা।

পোকোপিয়া মূলত পোকেমন জগতের সঙ্গে অ্যানিমেল ক্রসিং ও ড্রাগন কোয়েস্ট বিল্ডার্সের মিশ্রণ। এতে খেলোয়াড় একটি ডিট্টো চরিত্রে অবতীর্ণ হন, যাকে ফিরিয়ে আনতে হবে হারিয়ে যাওয়া পোকেমনদের। এজন্য তাদের জন্য বাড়ি তৈরি করা, বিভিন্ন প্রয়োজন মেটানো এবং তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ পুনর্গঠনের কাজ করতে হয়।

গেমটির মূল আকর্ষণ হলো পোকেমনদের সঙ্গে প্রকৃত বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা। পোকেমনরা আপনাকে ধন্যবাদ জানাতে ছুটে আসে, উপহার দেয়, নিজেদের মধ্যে খেলাধুলা করে আর একসঙ্গে ঘুমায়। এটি এমন এক অভিজ্ঞতা যা পোকেমন সিরিজের আগের কোনো গেমে পাওয়া যায়নি।

প্রতিটি পোকেমন নিজস্ব পছন্দ-অপছন্দ, প্রয়োজন ও দক্ষতা নিয়ে আসে। ওয়াটার টাইপ পোকেমন বাড়িতে আর্দ্রতা চায়, ফাইটিং টাইপ ব্যায়ামের সরঞ্জাম চায়। তেমনই ফায়ার টাইপ পোকেমন ধাতু গলাতে সাহায্য করে, গ্রাস টাইপ ফসল ফলাতে সহায়তা করে। খেলোয়াড়রা প্রকৃতির ব্লক কেটে সেতু তৈরি করে, পাহাড় কেটে পথ বানায়, নিজের শহর সাজায়-ঠিক মাইনক্রাফটের মতো।

শুধু মেকানিক্স নয়, আবেগও এখানে কাজ করে। যখন দেখবেন পিকাচু ও স্নরল্যাক্স একসঙ্গে খেলছে, তখন মনে হবে সত্যি সত্যি একটু যত্নের পৃথিবী গড়ে উঠেছে।

রিভিউয়ে বলা হয়েছে, পোকোপিয়া পোকেমন ভক্তদের জন্য স্বপ্নের গেম। পাশাপাশি যারা নির্মল, আনন্দদায়ক ও নির্মাণমুখী গেম পছন্দ করেন, তাদের জন্যও এটি এক অনন্য সংযোজন। নিন্টেন্ডো সুইচ ও পিসিতে খেলা যাবে এই গেম।

ডিবিটেক/বিএমটি