এনভিডিয়া সিইওর জন্য ৪০ লাখ ডলার বোনাসের লক্ষ্যমাত্রা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া তাদের প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের জন্য ২০২৭ অর্থবছরে ৪০ লাখ ডলার নগদ বোনাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। শুক্রবার (৬ মার্চ) এক নিয়ন্ত্রক নথিতে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
প্রতিষ্ঠানটির ক্ষতিপূরণ কমিটি ২ মার্চ এই নতুন পরিবর্তনশীল ক্ষতিপূরণ পরিকল্পনা অনুমোদন করে। এতে নির্বাহীদের নগদ বোনাস ২০২৭ সালের ৩১ জানুয়ারি শেষ হওয়া অর্থবছরের নির্দিষ্ট রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ওপর নির্ভরশীল থাকবে।
গত বছর মে মাসের এক নিয়ন্ত্রক নথি অনুযায়ী, ২০২৫ সালে হুয়াংয়ের মোট ক্ষতিপূরণ ছিল ৪ কোটি ৯৯ লাখ ডলার। এর অধিকাংশই এসেছে শেয়ার পুরস্কার থেকে, যার মূল্য ছিল ৩ কোটি ৮৮ লাখ ডলার।
এনভিডিয়া সম্প্রতি জানুয়ারি প্রান্তিকের প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল এবং চলতি প্রান্তিকের রাজস্ব পূর্বাভাস ওয়াল স্ট্রিটের অনুমানের চেয়ে বেশি ঘোষণা করেছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআই প্রসেসরে বিপুল ব্যয় অব্যাহত থাকবে বলেই এই পূর্বাভাস।
বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়া চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ৭৮ বিলিয়ন ডলার বিক্রির পূর্বাভাস দিয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য বিগত দুই বছরে ৬০০ শতাংশেরও বেশি বেড়েছে। ২০২৬ সালের শুরু থেকে শেয়ার মূল্য প্রায় ২৫ শতাংশ বেড়ে সোমবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেছেন, “জেনসেনের নেতৃত্বে এনভিডিয়া এআই যুগের সূচনা করেছে এবং শেয়ারহোল্ডারদের জন্য অভূতপূর্ব মূল্য সৃষ্টি করেছে। আমাদের নির্বাহী ক্ষতিপূরণ কর্মসূচি কর্মক্ষমতার সঙ্গে যুক্ত, যা বিনিয়োগকারীদের স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।”
ডিবিটেক/বিএমটি



