টেক্সাসে ওপেনএআই-ওরাকলের ডেটা সেন্টার সম্প্রসারণ বাতিল 

টেক্সাসে ওপেনএআই-ওরাকলের ডেটা সেন্টার সম্প্রসারণ বাতিল 
৭ মার্চ, ২০২৬ ১৬:৫৮  
৭ মার্চ, ২০২৬ ২২:৫৯  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিকাঠামোয় বিনিয়োগের মহোৎসবের মাঝেই বড় এক পরিকল্পনা বাতিল করল ওপেনএআই ও ওরাকল। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাবিলিন শহরে অবস্থিত ‘স্টারগেট’ প্রকল্পের ফ্ল্যাগশিপ ডেটা সেন্টার সম্প্রসারণের পরিকল্পনা থেকে সরে এসেছে দুটি প্রতিষ্ঠান। অর্থসংস্থান ও ওপেনএআই-এর চাহিদার ওঠানামাকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্স।

ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৫০০ বিলিয়ন ডলারের স্টারগেট উদ্যোগের অংশ ছিল এই প্রকল্প। সফটব্যাংক, ওপেনএআই ও ওরাকলের অংশীদারত্বে গড়ে ওঠা এই প্রকল্পের আওতায় অ্যাবিলিনে ১.২ গিগাওয়াট ধারণক্ষমতার একটি ডেটা সেন্টার ক্যাম্পাস নির্মাণ করছে ক্রুসো নামের একটি প্রতিষ্ঠান।

গত বছরের সেপ্টেম্বর থেকেই ওরাকল, ক্রুসো ও ওপেনএআই এই সক্ষমতা দ্বিগুণ করে প্রায় ২.০ গিগাওয়াটে উন্নীত করার বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল। কিন্তু অর্থসংস্থানের পাশাপাশি ওপেনএআই-এর ঘন ঘন চাহিদার পূর্বাভাস বদলে যাওয়ায় এবং সম্প্রতি শীতকালীন আবহাওয়ায় শীতলীকরণ যন্ত্রের ত্রুটিতে কয়েকদিন সেবা বন্ধ থাকার মতো ঘটনায় ওরাকল-ক্রুসো সম্পর্কের টানাপোড়েনও আলোচনা ব্যর্থতার পেছনে ভূমিকা রেখেছে।

তবে পুরো প্রকল্প বাতিল হচ্ছে না। ওপেনএআই-এর অবকাঠামো প্রধান সচিন কাট্টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, স্টারগেটের মূল সাইটটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম এআই ডেটা সেন্টার ক্যাম্পাসগুলোর একটি। তারা এটি সম্প্রসারণের কথা ভাবলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সক্ষমতা অন্য স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

এই পরিস্থিতিতে খালি হওয়া সম্প্রসারণ অংশটি ভাড়া নিতে আগ্রহ দেখিয়েছে মেটা। আর এই সম্ভাব্য চুক্তিতে মধ্যস্থতা করছে বিশ্বের শীর্ষ এআই চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। 

প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়া ইতোমধ্যেই ক্রুসোকে ১৫ কোটি ডলারের জামানত দিয়েছে এবং মেটাকে আকৃষ্ট করতে সহায়তা করছে। এর পেছনে এনভিডিয়ার কৌশল হলো, সম্প্রসারিত এই ডেটা সেন্টারেও যাতে তাদের চিপ ব্যবহার করা হয়, প্রতিদ্বন্দ্বী এএমডি-র নয়।

অন্যদিকে, ওপেনএআই-এর জন্য ৪.৫ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা গড়ে তোলার ওরাকলের চুক্তি এখনো বহাল রয়েছে। ডেট্রয়েটের নিকটবর্তী আরেকটি প্রকল্পসহ অন্যান্য স্থানে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

ডিবিটেক/বিএমটি