ট্রাম্পের নিষেধাজ্ঞার মধ্যেই অ্যাপ স্টোরের শীর্ষে ক্লোড

ট্রাম্পের নিষেধাজ্ঞার মধ্যেই অ্যাপ স্টোরের শীর্ষে ক্লোড
২ মার্চ, ২০২৬ ২০:০০  

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে নীতিগত বিরোধের জেরে তৈরি হওয়া বিতর্ক শেষ পর্যন্ত অ্যানথ্রপিকের জন্যই ইতিবাচক ফল এনেছে। প্রতিষ্ঠানটির এআই চ্যাটবট ক্লোড অ্যাপলের অ্যাপ স্টোরের শীর্ষ বিনামূল্যের অ্যাপে পরিণত হয়েছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের জেমিনিকে পেছনে ফেলে এই অবস্থান দখল করেছে ক্লোড। খবর এনগ্যাজেট।

গত সপ্তাহের শেষের দিক থেকে ক্লোডের জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। শনিবার রাতে এটি প্রথম স্থান দখল করে এবং রোববার সকালেও অবস্থান ধরে রাখে । গত জানুয়ারির শেষে ক্লোড ছিল শীর্ষ ১০০-এর বাইরে। ফেব্রুয়ারির মাঝামাঝি শীর্ষ ২০-তে উঠে আসে এবং সম্প্রতি ষষ্ঠ থেকে চতুর্থ হয়ে প্রথম স্থানে পৌঁছায় ।

এই উত্থানের পেছনে রয়েছে পেন্টাগনের সঙ্গে অ্যানথ্রপিকের নীতিগত বিরোধ। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও অ্যামোদি মার্কিন প্রতিরক্ষা দপ্তরে ক্লোডের ব্যবহারের ক্ষেত্রে দুটি শর্ত জুড়ে দিতে চেয়েছিলেন—মার্কিন নাগরিকদের ব্যাপক নজরদারি এবং সম্পূর্ণ স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবস্থায় তাদের এআই মডেল ব্যবহার বন্ধ রাখা । কিন্তু পেন্টাগন সব ধরনের সীমাবদ্ধতা অপসারণের পক্ষে ছিল ।

এই অবস্থানে ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার সব ফেডারেল সংস্থাকে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার বন্ধের নির্দেশ দেয়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অ্যানথ্রপিককে ‘জাতীয় নিরাপত্তা সরবরাহ ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করেন ।

ঠিক এর কয়েক ঘণ্টা পরেই ওপেনএআই পেন্টাগনের সঙ্গে চুক্তির ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান দাবি করেন, তাদের চুক্তিতেও একই ধরনের নিরাপত্তা সীমারেখা রাখা হয়েছে ।

অল্টম্যান শনিবার এক্স-এর এক অধিবেশনে অ্যানথ্রপিকের ঘটনাকে ‘অত্যন্ত ভীতিকর নজির’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি আরও ভালো সমাধানের আশা করছেন । অ্যানথ্রপিকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সম্প্রতি প্রতিদিন নতুন রেকর্ড সংখ্যক নিবন্ধন পাচ্ছে এবং জানুয়ারির পর থেকে বিনামূল্যের ব্যবহারকারী ৬০ শতাংশ ও পরিশোধিত সাবস্ক্রাইবার দ্বিগুণের বেশি বেড়েছে ।

ক্লোডের এই উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে অনলাইনে চ্যাটজিপিটি বর্জনেরও আহ্বান জানানো হচ্ছে। অনেক ব্যবহারকারী ‘দ্রুততম সময়ে অ্যাপ মুছে ফেলা’র কথা বলছেন এবং অ্যাপলের সঙ্গে ওপেনএআইয়ের অংশীদারত্ব বাতিলের দাবি তুলছেন ।

ডিবিটেক/বিএমটি