গানের তালে নাচবে রোবট ফোনের মুভিং ক্যামেরা

গানের তালে নাচবে রোবট ফোনের মুভিং ক্যামেরা
২ মার্চ, ২০২৬ ১৫:১৮  

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার তাদের আসন্ন ‘রোবট ফোন’-এর বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডব্লিউসি) আগে এক ইভেন্টে প্রতিষ্ঠানটি জানায়, এই ফোনের ক্যামেরা নিজে নিজেই নড়াচড়া করতে পারে এবং কোনো নির্দেশনা ছাড়াই বিভিন্ন পরিস্থিতিতে সাড়া দিতে সক্ষম। চলতি বছরের দ্বিতীয়ার্ধে ফোনটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে অনারের। খবর টেকক্রাঞ্চ।

প্রতিষ্ঠানটির দাবি, এই রোবটের নিজস্ব ‘ব্যক্তিত্ব’ রয়েছে। এটি ‘মাথা নাড়িয়ে’ ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন করতে পারে এবং গানের তালে তালে নাচতেও পারে। ব্যবহারকারীরা টেক্সট ও ভয়েসের মাধ্যমে এই সহায়কের সঙ্গে কথা বলতে পারবেন। এক ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তি পোশাকের বিষয়ে পরামর্শ চাইছেন এবং রোবটটি মাথা নাড়িয়ে পছন্দ বা অপছন্দ জানাচ্ছে।

ফোনটিতে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা একটি থ্রি-অ্যাক্সিস জিম্বাল সিস্টেমে বসানো। অনার জানিয়েছে, এই ক্যামেরা মসৃণভাবে ঘুরে ভিডিও ও ছবি তুলতে পারে এবং ভিডিও ধারণের জন্য ‘সুপার স্টেডি মোড’ রয়েছে। ‘স্পিনশট’ ফিচারের মাধ্যমে ক্যামেরাটি ৯০ বা ১৮০ ডিগ্রি ঘুরে সিনেমাটিক শট নিতে পারে।

ভিডিও কলের সময় এই রোবট ক্যামেরা এআই-চালিত অবজেক্ট ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্যবহারকারীকে অনুসরণ করতে পারে। যদি এটি সঠিকভাবে কাজ করে, তবে এটি অ্যাপলের সেন্টার স্টেজ ফিচারের চেয়েও উন্নত হবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

অনার জানিয়েছে, রোবট ক্যামেরার নড়াচড়া নিয়ন্ত্রণে তারা নিজস্ব মাইক্রো মোটর তৈরি করেছে। ফোল্ডেবল ফোনে ব্যবহৃত কিছু প্রযুক্তি ব্যবহার করে এই ফোর-ডিগ্রি-অব-ফ্রিডম জিম্বাল সিস্টেম ফোনের বডিতে স্থাপন করা সম্ভব হয়েছে। রোবট আর্মের জন্য অনার ম্যাজিক ভি৬-এর হিঞ্জে ব্যবহৃত ২৮০০ এমপিএ টেনসাইল স্ট্রেংথের উপাদান ব্যবহার করা হয়েছে।

এমডব্লিউসি ইভেন্টে অনার তাদের নতুন ফোল্ডেবল ফোন ম্যাজিক ভি৬ (৬,৬০০ এমএএইচ ব্যাটারি), ম্যাজিকপ্যাড ৪ ট্যাবলেট ও ম্যাজিকবুক ১৪ ল্যাপটপও উন্মোচন করে ।

ডিবিটেক/বিএমটি