‘সৌর ব্যতিচার’: ৭ মার্চ থেকে বাংলাদেশ স্যাটেলাইটে সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে
বাংলাদেশের একমাত্র ভূস্থির যোগাযোগ উপগ্রহ ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’-এ সৌর ব্যতিচার (সান আউটেজ) ঘটনার কারণে আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
বিজ্ঞপ্তিতে বিএসসিএল জানিয়েছে, জিও স্টেশনারি বা ভূস্থির স্যাটেলাইটের ক্ষেত্রে সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা বছরে সাধারণত দুইবার ঘটে থাকে। এই সময়ে সূর্য, স্যাটেলাইট এবং গ্রাউন্ড স্টেশন একই সরলরেখায় অবস্থান করে। এর ফলে সূর্যের শক্তিশালী বিকিরণ স্যাটেলাইট সিগন্যালকে প্রভাবিত করে, যার দরুন সাময়িকভাবে সম্প্রচার সেবা বাধাগ্রস্ত হতে পারে।
বিএসসিএল-এর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সবচেয়ে বেশি বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে ১০ ও ১১ মার্চ। এই দুই দিন টানা ১৩ মিনিট করে সিগন্যালে সমস্যা হতে পারে। সূচি অনুযায়ী:
-
৭ মার্চ: সকাল ৯টা ৫৪ থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত (৭ মিনিট)।
-
৮ মার্চ: সকাল ৯টা ৫২ থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত (১০ মিনিট)।
-
৯ মার্চ: সকাল ৯টা ৫১ থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত (১২ মিনিট)।
-
১০ ও ১১ মার্চ: সকাল ৯টা ৫০ থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত (১৩ মিনিট)।
-
১২ মার্চ: সকাল ৯টা ৫০ থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত (১২ মিনিট)।
-
১৩ মার্চ: সকাল ৯টা ৫১ থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত (১০ মিনিট)।
-
১৪ মার্চ: সকাল ৯টা ৫৩ থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত (৫ মিনিট)।
বিএসসিএল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রাকৃতিক এই ঘটনার সময় পুরো প্রক্রিয়াটি তারা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে। সাময়িক এই অসুবিধার জন্য বিএসসিএল সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেছে।
ডিবিটেক/এনএইচটি/ইকে





