আইআরও বাংলাদেশ ওপেন-২০২৫ এর অনলাইন নিবন্ধন শুরু

আইআরও বাংলাদেশ ওপেন-২০২৫ এর অনলাইন নিবন্ধন শুরু
১ আগষ্ট, ২০২৫ ০৯:৩৯  
১ আগষ্ট, ২০২৫ ২৩:৪২  

আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও), যেখানে অংশ নেবে বাংলাদেশ জাতীয় দল। এই দল গঠনে এবং বাংলাদেশের স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের রোবটিক্সে আগ্রহী করে তোলার লক্ষ্যে শুরু হয়েছে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম।

 

আগামী ২০ আগস্ট  পর্যন্ত চলমান থাকবে এই কার্যক্রম। পাশাপাশি দেশের আটটি বিভাগে শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং অংশগ্রহণে উৎসাহিত করার জন্য চলছে অ্যাক্টিভেশন কর্মশালা। 

 আন্তর্জাতিকে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে বাংলাদেশ দল নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। 

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি (আইআরওসি) তাদের ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) ২০২৫-এর মূল থিম ‘স্পেস রোবট’ থিমের ভিত্তিতে এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত থাকবে: জুনিয়র লো (১ম-৪র্থ শেণি), জুনিয়র হাই (৫ম-৬ষ্ঠ শেণি) এবং সিনিয়র (৭ম-১২শ শ্রেণি)। প্রতিবছরের মতো এবারও রোবট বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য শুধুমাত্র জাতীয় পর্বে একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে যা আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত নয়। 

২০১৮ সাল থেকে বাংলাদেশ নিয়মিতভাবে রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এবং প্রতিবছরই অর্জন করে চলেছে একের পর এক সাফল্য।

সর্বশেষ ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার বুসানে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০ সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়ে অর্জন করে ২টি গোল্ড, ৪টি সিলভার, ৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি মেডেল। এছাড়াও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে গত ৭ বছরে বাংলাদেশ দল ১৪টি স্বর্ণপদক, ২২টি রৌপ্যপদক ও ২৮টি ব্রোঞ্জপদক জয়ের মাধ্যমে বাংলাদেশের জন্য সুনাম অর্জন করে।