১০০০ কিমি রেঞ্জ ও স্মার্ট হাইব্রিড প্রযুক্তি:
দেশে বিওয়াইডি ‘সিলায়ন ৫’-এর রাজসিক অভিষেক
দেশের অটোমোবাইল বাজারে আধুনিক ও পরিবেশবান্ধব যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচন করল বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি। ২৮ ফেব্রুয়ারি, শনিবার, বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে তাদের সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির এসইউভি ‘বিওয়াইডি সিলায়ন ৫’ (BYD Sealion 5) উন্মোচন করা হয়েছে। ‘এভরিডে এসইউভি’ স্লোগান নিয়ে আসা এই গাড়িটি উদ্বোধনের দিনেই প্রথম লটের ২৫ জন ক্রেতার হাতে চাবি তুলে দিয়েছে বিওয়াইডি বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান। এ সময় বিওয়াইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং অটোমোবাইল প্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গাড়িটির আধুনিক ডিজাইন এবং সাশ্রয়ী প্রযুক্তির সমন্বয় উপস্থিত সবার নজর কাড়ে।
বক্তব্যে হাফিজুর রহমান খান, পরিবেশবান্ধব গাড়ি হিসেবে বিওয়াইডি’র বিশ্বজুড়ে ১ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তুলে ধরা উপস্থাপনায় জনানো হয়- বিওয়াইডি সিলায়ন ৫ গাড়িটির সবচেয়ে বড় চমক এর ডুয়েল-পাওয়ার সিস্টেম। এতে থাকা ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর এবং অ্যাডভান্সড ডিএম-আই ইঞ্জিন সম্মিলিতভাবে সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে সক্ষম। প্রতিদিনের শহরের যাতায়াতের জন্য এতে রয়েছে ৭১ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ, যা জ্বালানি খরচ কমিয়ে আনবে শূন্যের কোঠায়। মাত্র ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এই গাড়িটি সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। ফলে হাইওয়ে বা শহরের রাস্তা—সবখানেই এটি দেবে দুর্দান্ত পারফরম্যান্স।
নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, নিরাপত্তা ও আরামের প্রশ্নে কোনো আপস করেনি। সিলায়ন ৫-এ ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রির সেরা বিওয়াইডি ব্লেড ব্যাটারি এবং সাতটি এয়ারব্যাগ। এছাড়া এতে রয়েছে ভেহিকেল-টু-লোড (ভিটুএল) ফাংশন ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস)। ভেতরের প্রশস্থ কেবিনে ১২.৮ ইঞ্চির বিশাল ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং প্যানোরামিক সানরুফ চালক ও যাত্রীদের দেবে প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা।
বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, বর্তমান সময়ের ক্রেতারা একইসাথে সাশ্রয়ী ইঞ্জিন ও আরামদায়ক ভ্রমণের দীর্ঘমেয়াদী নিশ্চয়তা খোঁজেন। সিলায়ন ৫ মূলত সেই চাহিদাই পূরণ করবে। এটি প্রতিদিনের যাতায়াতে বৈদ্যুতিক গাড়ির অভিজ্ঞতা দেবে এবং দীর্ঘ ভ্রমণে রেঞ্জ এঞ্জাইটি বা চার্জ শেষ হওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে।
কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও হারবার গ্রে—এই চারটি আকর্ষণীয় রঙে গাড়িটি বাজারে পাওয়া যাচ্ছে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য বিওয়াইডি সিলায়ন ৫-এর বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭.৯০ লাখ টাকা। সেই সাথে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় ওয়ারেন্টি প্যাকেজ। যার মধ্যে ট্র্যাকশন ব্যাটারিতে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার এবং পুরো গাড়িতে ৬ বছরের ওয়ারেন্টি সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানেই বিপুল পরিমাণ প্রি-অর্ডার পাওয়ায় গাড়িটি দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির বিক্রয় প্রধান ফাহমিদ ফেরদৌস।
ডিবিটেক/আইএইচ/এমইউএম







