নেটফ্লিক্স বোর্ড সদস্য সুসান রাইসকে বহিষ্কারের হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের বোর্ড সদস্য সুসান রাইসকে বহিষ্কারের দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অন্যথায় প্রতিষ্ঠানটিকে ‘পরিণতি’ ভোগ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। খবর টেকক্রাঞ্চ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “নেটফ্লিক্সের উচিত বর্ণবাদী ও ট্রাম্প-বিধ্বস্ত সুসান রাইসকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা, নয়তো পরিণতি ভোগ করতে হবে। তার কোনো প্রতিভা বা দক্ষতা নেই—খাঁটি এক রাজনৈতিক ঠগ। তার ক্ষমতা শেষ, ফিরে আসবে না। তাকে কত টাকা দেওয়া হয় এবং কীসের জন্য?”
ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষাপট তৈরি হয়েছে সুসান রাইসের একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনের আমলে কূটনৈতিক ও উপদেষ্টা হিসেবে কাজ করা রাইস ‘স্টে টিউন্ড উইথ প্রিত ভারারা’ পডকাস্টে বলেন, যেসব করপোরেশন বর্তমান প্রশাসনের কাছে ‘নতজানু’ হয়েছে, ডেমোক্র্যাটরা ক্ষমতায় ফিরলে তাদের ‘জবাবদিহির আওতায় আনা হবে’।
রাইসের বক্তব্য ছিল, “যদি এই করপোরেশনগুলো মনে করে যে ডেমোক্র্যাটরা ক্ষমতায় ফিরে এসে পুরোনো নিয়মে খেলবে এবং সবকিছু ‘মাফ করে দেবে’, তাহলে তাদের আরেকবার ভাবা উচিত।” ট্রাম্প তার পোস্টে রাইসের এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান এবং ডানপন্থী কর্মী লরা লুমারের একটি পোস্টও শেয়ার করেন। লুমার দাবি করেন, নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ একটি ‘স্ট্রিমিং মনোপলি’ তৈরি করবে, যেখানে ওবামাদের উল্লেখযোগ্য অংশীদারত্ব থাকবে।
ট্রাম্পের এই হুমকির সময় নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে বিচার বিভাগ ৭২ বিলিয়ন ডলারের এই চুক্তির গভীর তদন্ত শুরু করেছে, বিশেষ করে প্রতিযোগিতা সৃষ্টিতে এর প্রভাব এবং নেটফ্লিক্সের বাজারের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে । নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী টেড সারান্ডোস গত নভেম্বরে চুক্তি ঘোষণার আগে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন বলে জানা গেছে।
ট্রাম্প অবশ্য এর আগে ফেব্রুয়ারির শুরুতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এই চুক্তির অনুমোদন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে জড়িত হবেন না এবং বিচার বিভাগই এটি দেখবে।
ট্রাম্পের পোস্টে কোনো নির্দিষ্ট ‘পরিণতির’ কথা উল্লেখ না থাকলেও, ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণের মতো বড় চুক্তির ক্ষেত্রে ফেডারেল রেগুলেটরদের অনুমোদন লাগবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। নেটফ্লিক্স কর্তৃপক্ষ এখনো ট্রাম্পের এই হুঁশিয়ারির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ডিবিটেক/বিএমটি





