ত্রয়োদশ সংসদে যাচ্ছেন ৭ প্রকৌশলী ১৪ চিকিৎসক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অংশ নিয়েছিলেন ১৩ জন প্রকৌশলী এবং ৪৭ জন চিকিৎসক। এদের মধ্যে এবার সংসদে যাচ্ছেন ৭ জন প্রকৌশলী এবং ১৪ জন চিকিৎসক। আগামী ১৭ ফেব্রয়ারি, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আর বিকেলে সংসদ সদস্যদের মধ্য থেকে মনোনীত মন্ত্রীপরিষদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সকালে সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত ৮ জন প্রকৌশলীর মধ্যে ৬ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অংশ নেওয়া একমাত্র প্রকৌশলী। বিএনপি থেকে নির্বাচিত প্রকৌশলী সংসদ সদস্যরা হলেন- ঢাকা-৬ আসনে জয়ী প্রকৌশলী ইশরাক হোসেন, ফরিদপুর-২ আসনে বিজয়ী প্রকৌশলী শামা ওবায়েদ ইসলাম, মানিকগঞ্জ-২ আসনে জয়ী প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, নরসিংদী-৫ আসনের প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল এবং শেরপুর-২ আসনে বিজয়ী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে একমাত্র প্রকৌশলী হিসেবে সংসদে যাচ্ছেন নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে বিজয়ী প্রকৌশলী এনামুল হক। জামায়াতের শরিক হিসেবে এনসিপি’র একমাত্র প্রকৌশলী প্রার্থী ঢাকা-২০ আসনে জয় পাননি। একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই প্রকৌশলী প্রার্থী এবং স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা একজন প্রকৌশলী প্রার্থীও জয়ী হতে পারেননি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ২০ জন চিকিৎসককে প্রার্থী করলেও এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিজয়ী হতে পেরেছেন মাত্র চারজন। বিজয়ীদের মধ্যে রয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান (ঢাকা-১৫), নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের (কুমিল্লা-১১), প্রতিথযশা শিশু হৃদরোগ ও ইনটেনসিভ কেয়ার (আইসিইউ) বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ (যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা) ও ডা. আব্দুল বারী (রাজশাহী-৪ বাগমারা)। এছাড়া অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা নির্বাচন করেছেন, তাদের কেউ জিততে পারেননি।
বিপরীতে নির্বাচনে ১৩ জন চিকিৎসককে মনোনয়ন দিলেও ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন ১০ চিকিৎসক। বিজয়ীরা হলেন– অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর ৬), ডা. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর ৩), ডা. আনোয়ারুল হক (নেত্রকোনা ২), ডা. মাহাবুবুর রহমান লিটন (ময়মনসিংহ ৭), ডা. কে এম বাবর (গোপালগঞ্জ ২), ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন (ঢাকা ১৯ সাভার), ডা. সাখাওয়াত হোসেন জীবন (হবিগঞ্জ ২), ডা. ইকরামুল বারী টিপু (নওগাঁ ৪), ডা. এম.এ. মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) ও ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার আংশিক) ডা. আব্দুস সালাম।
ডিবিটেক/এসএইচ/আইএইচ







