চার বছরে উঠবে বিনিয়োগ, মাসে সাশ্রয় ১৫ লাখ টাকা

বাকেশিতে ১ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র

  • মাসে ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে
  • ৯০০ কিলোওয়াট চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে 
  • বাকেশিতে ৫.১৫ কোটি টাকায় স্থাপিত ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন

বাকেশিতে ১ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪২  

খুলনা, ৯ সেপ্টেম্বর, বুধবার: দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি ব্যয় কমানো ও পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অব্যবহৃত ছাদ ও স্থাপনা কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের (বাকেশি) প্রাঙ্গণে স্থাপিত ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন এ উদ্যোগেরই অংশ। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপও কমানো সম্ভব হবে।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার উৎসাহিত করতে সরকার সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের কর ছাড় এবং উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুতের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে গ্রাহকরা বিশেষ প্রণোদনা হিসেবে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাবেন বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, “আমাদের উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জ্বালানি দক্ষতাকে সমন্বয় করতে হবে। দেশের প্রতিটি সম্ভাবনাময় ছাদ ও স্থাপনাকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে।”

এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি সাশ্রয়ী ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উদ্যোগের প্রশংসা করে ফকির মাহবুব আনাম বলেন, এ ধরনের কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ অন্যান্য সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় হতে পারে। ভবিষ্যতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের চেয়ারম্যান বিলকিস জাহান রিমি।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের ফলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন ও সম্ভাবনা বিবেচনায় সৌরবিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুয়াই জাহানাত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম। তিনি প্রতিষ্ঠানে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্দেশ্য, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং এর সম্ভাব্য সুফল তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন করেন। পরে তিনি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

চার বছরে বিনিয়োগ ফেরতের প্রত্যাশা

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড সূত্রে জানা যায়, ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনে ব্যয় হয়েছে ৫ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৭১৫ টাকা।

প্ল্যান্টটি চালুর ফলে প্রতি মাসে প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। প্রতিষ্ঠানটির প্রায় ৯০০ কিলোওয়াট বিদ্যুৎ চাহিদা পূরণের পর উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বিদ্যুৎ বিল সাশ্রয়ের মাধ্যমে আগামী চার বছরের মধ্যে প্ল্যান্ট স্থাপনে ব্যয় হওয়া অর্থ উঠে আসবে। একই সঙ্গে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির সৌরবিদ্যুৎ প্রকল্পটি অতিরিক্ত অর্থনৈতিক ও জ্বালানি সুবিধা তৈরি করবে।
//ডিবিটেক/আইএনজেইউ/এসএমই/এফওইএইচ//