সিমের কারিগরি পরীক্ষা সম্পন্ন, শিগগিরই উন্মুক্ত হচ্ছে বিটিসিএল এমভিএনও

সিমের কারিগরি পরীক্ষা সম্পন্ন, শিগগিরই উন্মুক্ত হচ্ছে বিটিসিএল এমভিএনও
৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০৯  
৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:০০  

দেশে প্রথমবারের মতো কারিগরি পরীক্ষার মাধ্যমে সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম। বিটিসিএল পরিচালিত এ সেবার আওতায় ভয়েস ও ডাটা কলসহ প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এই সেবার আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল এবং আনলিমিটেড ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। পাশাপাশি অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা “আলাপ”-ও এই প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত থাকবে।

জানাগেছে, জিপন কানেকশন এবং রাউটার সহ আনলিমিটেড ইন্টারনেট এবং জনপ্রিয় ওটিটি কনটেন্ট (নাটক, মুভির) প্ল্যাটফর্ম টফি এই এমভিএনও সেবার সঙ্গে সংযুক্ত করা হবে পাশাপাশি আনলিমিটেড ভয়েস, আনলিমিটেড ডেটা,  আনলিমিটেড ব্রডব্যান্ড ও ডিজিটাল কনটেন্টকে একীভূত করে কোয়াড-প্লে সেবা প্রদান করা হবে।

৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিটিসিএল এর রমনা অফিসে পরীক্ষামূলকভাবে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) এর মাধ্যমে আনলিমিটেড কোয়াড-প্লে সেবা কার্যক্রম পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এসময়  শিগগিরই এমভিএনও সিম জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।  

সেবা সম্পর্কে তিনি বলেন, এ সিমের সেবা প্রসঙ্গে ফয়েজ তৈয়্যব বলেন, ‘ভয়েসটা হচ্ছে আমরা একটা ভার্চুয়াল নেটওয়ার্ক হিসেবে কাজ করবো, সেখানে একটা অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করবো, সেখানে নির্দিষ্ট মিনিট থাকবে। এর বাইরে আমরা বিটিসিএলের নিজস্ব আলাপ টেলিফোনি অ্যাপটা দেবো। সেখানে আলাপ টু আলাপ আনলিমিটেড কল আর হচ্ছে আলাপ থেকে অন্য অপারেটর একটা নির্দিষ্ট ১২৫ বা ২০০ মিনিট এ বান্ডেলে থাকবে। আর সঙ্গে থাকবে মোবাইল ইন্টারনেটের একটা প্যাকেজ ১০ জিবি মিনিমাম। আর জিপনের ইন্টারনেট। সেটা জিপনের যে লাইনটা আছে এগজিস্টিং লাইনের সঙ্গে বান্ডেল করছি।’

একই দিনে বিটিসিএল এর রমনা কার্যালয়ে স্থাপিত নাগরিক সেবা কেন্দ্র‌ও পরিদর্শন করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

বিটিসিএল জানায়, একটি আধুনিক, সমন্বিত ও গ্রাহকবান্ধব টেলিযোগাযোগ ইকোসিস্টেম গড়ে তোলা, যা হবে সাশ্রয়ী, স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক। এই এমভিএনও উদ্যোগ ওটিটি কনটেন্ট পাইরেসি হ্রাসে সহায়ক হবে, মোবাইল নেটওয়ার্ক ব্যবহারে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং বিটিসিএলের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। 

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, এমভিএনও সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, যা একটি স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটালি সংযুক্ত ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/এমজেইউ/ইকে