গ্রোকিপিডিয়ার তথ্য টানছে চ্যাটজিপিটি, উদ্বেগে গবেষকেরা
ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এনসাইক্লোপিডিয়া ‘গ্রোকিপিডিয়া’র তথ্য চ্যাটজিপিটির উত্তরে দেখা যেতে শুরু করেছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটির জিপিটি–৫.২ সংস্করণ এক ডজনের বেশি প্রশ্নের উত্তরে অন্তত নয়বার গ্রোকিপিডিয়ার তথ্য উদ্ধৃত করেছে। খবর টেকক্রাঞ্চ।
২০২৫ সালের অক্টোবরে গ্রোকিপিডিয়া চালু করে এক্সএআই। উইকিপিডিয়া রক্ষণশীলদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট—এমন অভিযোগের প্রেক্ষাপটেই এই উদ্যোগ নেওয়া হয়। তবে চালুর পরপরই সমালোচনার মুখে পড়ে গ্রোকিপিডিয়া।
বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, বহু নিবন্ধ সরাসরি উইকিপিডিয়া থেকে অনুলিপি করা হলেও কোথাও কোথাও বিতর্কিত দাবি যুক্ত করা হয়েছে, এমনকি কিছু সামাজিক গোষ্ঠী সম্পর্কে অবমাননাকর ভাষাও ব্যবহার করা হয়েছে।
গার্ডিয়ানের মতে, চ্যাটজিপিটি সাধারণত গ্রোকিপিডিয়ার তথ্য ব্যবহার করছে অপেক্ষাকৃত অল্প আলোচিত বিষয়ে। যেমন, ইতিহাসবিদ স্যার রিচার্ড ইভান্সকে ঘিরে কিছু দাবি, যা আগেই গার্ডিয়ান খণ্ডন করেছিল।
তবে যুক্তরাষ্ট্রের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলা বা এইচআইভি–এইডসের মতো বহুল আলোচিত বিষয়ে গ্রোকিপিডিয়ার উল্লেখ পাওয়া যায়নি। একই ধরনের উদ্ধৃতি অ্যানথ্রপিকের ক্লডেও দেখা গেছে বলে জানিয়েছে পত্রিকাটি।
এ বিষয়ে ওপেনএআইয়ের এক মুখপাত্র বলেন, তাদের লক্ষ্য হলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিভিন্ন উৎস ও দৃষ্টিভঙ্গি থেকে তথ্য নেওয়া। তবে সমালোচকদের মতে, এ ধরনের উৎস ব্যবহারে তথ্যের নির্ভরযোগ্যতা ও পক্ষপাতের ঝুঁকি বাড়ছে।
ডিবিটেক/বিএমটি







